হাসপাতালে করোনা রোগীদের ভোগান্তি বন্ধে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল শুক্রবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির উদ্যোগে করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসা সহায়তা বিষয়ে স্বেচ্ছাসেবীদের নিয়ে অনলাইন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের সংসদ ভবনের সরকারি বাসা থেকে অনলাইনে যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আমি হাসপাতাল কর্র্তৃপক্ষ ও নিয়ন্ত্রণকারী কর্র্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করছি।’ করোনা মহামারী একটি বৈশ্বিক সংকট মন্তব্য করে তিনি বলেন, বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে মহামারী ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ও সংক্রমণ বিস্তারের দিক থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ২১তম অবস্থানে এসেছে। সংক্রমণের মাত্রা আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের অভিমত। তিনি বলেন, উন্নত বিশ্বের দেশগুলো অর্থনীতির শক্ত ভিত এবং স্বাস্থ্য খাতের সক্ষমতা নিয়েও তারা আজ অসহায় আত্মসমর্পণ করেছে এই মহামারীর কাছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার সরকার সংকটের শুরু থেকে দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও করোনা সংক্রমণ রোধ, চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। সাধারণ ছুটি ঘোষণার পর অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সহযোগিতা করে আসছে। সরকার অর্থনৈতিক সুরক্ষায় ঘোষণা করেছে এক লাখ কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ।
আওয়ামী লীগের উপকমিটির প্রশিক্ষণের প্রসঙ্গ টেনে দলের সাধারণ সম্পাদক বলেন, বর্তমান বাস্তবতায় করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা তৈরি এবং আক্রান্ত হলে প্যানিক না হয় চিকিৎসা ব্যবস্থা কীভাবে করা যায় তা নিয়ে এ উপ-কমিটির স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করি। এ উদ্যোগ উপজেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরসহ উপ-কমিটির নেতৃবৃন্দ।
