বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জন।
শনিবার বেলা ১২টার দিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।
করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা হলেন- দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইলবিয়া জিসার বাবা সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী এবং বগুড়া কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল ইসলাম।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, এ নিয়ে বগুড়ায় করোনায় প্রাণ হারালেন ৬ জন। যাদের মধ্যে ৫ জন গত তিন দিনে প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত জেলায় বর্তমানে করোনা আক্রান্ত সর্বমোট রোগী রয়েছেন ৫১৪ জন।
