করোনা চিকিৎসায় যুক্ত হলো আরও একটি বেসরকারি হাসপাতাল। রাজধানীর উত্তরায় তিনশ শয্যার জাপান-ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালটিকে শনিবার থেকে কভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে অনলাইনে নতুন করোনা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক।
এ সময় করোনা চিকিৎসায় এগিয়ে আসায় জাপান-ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
একই সঙ্গে দেশের অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক মোয়াজ্জেম হোসেন জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হবে।
তিনি বলেন, রবিবার থেকে রোগী ভর্তির কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে হাসপাতালে নিজস্ব পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। যেখানে প্রতিদিন গড়ে ১ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা যাবে।
বাংলাদেশ ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ, জাপানের গ্রিন হাসপাতাল সাপ্লাই এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার যৌথ উদ্যোগে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে।
মোয়াজ্জেম হোসেন জানান, এই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন জাপানি চিকিৎসকেরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কভিড আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দেবে প্রতিষ্ঠানটি। চিকিৎসকদের জন্য ২০টি শয্যা বরাদ্দ থাকবে। তিনশ’ শয্যার মধ্যে ২৪টি নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ থাকবে। আর আইসোলেশন বেড থাকবে মোট ৩৬টি।
এই হাসপাতালের বিশেষত্ব হচ্ছে, ভর্তি রোগীদের সর্বশেষ আপডেট তথ্য অনলাইনে রোগীর স্বজনরা জানতে পারবেন।
