করোনাভাইরাসের কারণে অন্যান্য আসরের মতো বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত করা হয়েছিল। করোনার স্তব্ধতা ভেঙে ফুটবল যখন আবার মাঠে ফিরতে শুরু করেছে, তখন ফিফার সঙ্গে আলোচনা করে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো মাঠে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এরই মধ্যে শুক্রবার সম্ভাব্য সূচিও প্রকাশ করেছে এএফসি। যে সূচি অনুযায়ী অক্টোবরে মাঠে নামতে হবে জামাল ভূঁইয়াদের।
‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশের এখনো চার ম্যাচ বাকি। প্রকাশিত সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী অক্টোবর ও নভেম্বরে এই দুই মাসেই হয়ে যাবে বাংলাদেশের বাকি থাকা চারটি ম্যাচ।
৮ অক্টোবর প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ভেন্যু সিলেট। ১৩ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ খেলবে কাতারের বিপক্ষে। ১২ নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচ। ১৭ নভেম্বর আরেকটি হোম এবং গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ওমানের বিপক্ষে। পূর্বের সূচিতে যে ম্যাচ চারটি মার্চ ও জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পাঁচ দলের গ্রুপে বাংলাদেশ এখন পর্যন্ত ৪ ম্যাচে ১ পয়েন্ট পেয়ে আছে টেবিলের তলানিতে। বাংলাদেশের একমাত্র পয়েন্টটি ভারতের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে ড্র থেকে।
