করোনাভাইরাসে প্রাণ হারালেন ভারতের সাবেক ফুটবলার হামজা কোয়া। শনিবার সকালে কেরালার মালাপ্পুরমে মৃত্যু হয় হামজার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
হামজাকোয়ার পরিবারের আরো ৫ সদস্য করোনায় আক্রান্ত। তাদের চিকিৎসা চলছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে জানায়, গত ২১ মে সপরিবারে সড়ক পথে মুম্বাই থেকে ফেরেন হামজাকোয়া। সেই থেকে কোয়ারেন্টাইনে ছিলেন তারা।
সবার আগে তার পুত্রবধূর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তার স্ত্রী ও ছেলের মধ্যেও উপসর্গ দেখা দেয়। পরে হামজাকোয়ার নমুনাও পজিটিভ আসে।
ক্রমশই সাবেক এই ফুটবলারের শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হামজাকোয়ার জীবন বাঁচানোর চেষ্টায় প্লাজমা থেরাপিও করা হয়। তবে তা কাজে আসেনি।
হামজা কোয়া দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি সন্তোষ ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে খেলেছেন। ১৯৮১-৮৬ পর্যন্ত মহারাষ্ট্রের হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন হামসাকোয়া। জাতীয় দলের হয়ে নেহরু কাপেরও অংশ নিয়েছেন।
মুম্বাইয়ের একাধিক ক্লাবের হয়েও তিনি খেলেছেন। কলকাতার ফুটবলে খেলেছেন মোহনবাগান ও মোহামেডান ক্লাবের হয়ে।
