শিরোপা থেকে আর দুই জয় দূরে বায়ার্ন

আপডেট : ০৬ জুন ২০২০, ১১:৫৯ পিএম

টানা অষ্টম লিগ শিরোপা জয়ে আর মাত্র দুটি জয় চাই বায়ার্ন মিউনিখের। শেষ চার ম্যাচ থেকে ৬ পয়েন্ট হলেই দলটির লিগ শিরোপা আটকাতে পারবে না কেউ। লেভারকুসেনকে উড়িয়ে দেওয়ার পর এই সমীকরণ এখন দলটির সামনে।

শনিবার জার্মান বুন্দেসলিগায় লেভারকুসেনকে ৪-২ গোলে হারায় বায়ার্ন। প্রথমে পিছিয়ে পড়লেও দাপটের সঙ্গেই ফিরে আসে তারা। ৩-১ গোলের লিডে শেষ করে প্রথমার্ধ।

পরে আদায় করে আরো এক গোল। শেষ দিকে হারের ব্যবধান কমানো সান্ত্বনার আরো একটি গোল পেয়েছিল লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলে হান্স ফ্লিকের দলের শেষ ২১ ম্যাচে এটি ২০ জয়।

নিজের মাঠে লুকাস আলারিওর গোলে নবম মিনিটেই এগিয়ে যায় লেভারকুসেন। এরপর কিংসলে কোমান, লেয়ন গোরেটস্কা এবং সের্গেই জিনাব্রির গোলে প্রথমার্ধেই ৩-১ এ লিড নেয় বায়ার্ন।

বিরতির পর রবার্ট লেভানডফস্কি স্কোরশিটে নাম তোলেন। তাতে বায়ার্নের ব্যবধান দাঁড়ায় ৪-১ এ।

মৌসুমে লেভানডফস্কির লিগে এটি ৩০তম গোল। তৃতীয়বারের মতো বুন্দেসলিগার এক মৌসুমে ৩০ বা তার বেশি গোলের কীর্তি হলো তার। এ ছাড়া সব প্রতিযোগিতা মিলে এটি তার ৪৪তম গোল। ছাড়িয়ে গেছেন নিজের রেকর্ড। এর আগে এক মৌসুমে তার সর্বোচ্চ গোল ছিল ৪৩টি।

লেভারকুসেনের পক্ষে শেষ দিকে ব্যবধান কমান ফ্লোরাইন রিটজ।

৩০ ম্যাচে ২২ জয়, ৪টি করে ড্র ও হারে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লেভারকুসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত