ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা অ্যান্তোইন গ্রিজমানের বার্সেলোনায় শুরুটা কেমন যেন নোনতা ছিল। ১০৮ মিলিয়ন ইউরোর মোটা অঙ্কে আতলেতিকো মাদ্রিদ থেকে কাতালান শিবিরে পাড়ি জমিয়েছিলেন ঠিকই কিন্তু তাতে হইচইয়ের কোনো আমেজ ছিল না। লিওনেল মেসির ভালো লাগেনি বলেই হয়তো! কারণ গ্রিজমানের শুরুর কয়েক মাসে মেসির সঙ্গে তার সখ্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। খবর উঠেছিল মেসি নাকি গ্রিজমানের সঙ্গে কথাই বলেন না। তবে এসবই সংবাদমাধ্যমের তৈরি। ভেতরকার খবরের আসলটি কখনই জানা যায়নি, তার ওপর দুই তারকা নিজ নিজ সাক্ষাৎকারে একে অপরের প্রশংসা করেছিলেন খুব। ওইসব দিন কাটিয়ে বার্সেলোনায় নিয়মিত হয়ে উঠেছেন গ্রিজমান। মেসি-সুয়ারেজদের সঙ্গে মিলে গোলও করেছেন। বলা যায় একাদশে আর অনাহূত নন তিনি। তবুও বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছা নেই গ্রিজমানের। জানালেন বার্সার পাঠ চুকিয়ে এক সময় আমেরিকা পাড়ি জমাতে চান মেজর লিগ সকারে (এমএলএস) খেলবেন বলে।
বার্সেলোনা তাদের নিজস্ব টেলিভিশন চ্যানেল বার্সা টিভি প্লাসের নতুন কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে একটি অনুষ্ঠানের মূল ভূমিকায় গ্রিজমান। ফরাসি তারকাকে রাখা হয়েছে ওই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে। গ্রিজমানের উপস্থাপন ছাড়াও বার্সা টিভিতে ক্লাব নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি, বার্সা অ্যাকাডেমি নিয়ে কয়েক পর্বের সিরিজ, বাচ্চাদের জন্য কার্টুন, এছাড়া বার্সেলোনা মূল দল, মহিলা দল, যুব দল ও দ্বিতীয় দলের খেলা লাইভ, পুনঃপ্রচারের সুবিধা থাকছে। এর জন্য ভক্তদের মাসপ্রতি সাড়ে ৫ ডলার দিয়ে সাবস্ক্রিপশন করতে হবে। নতুন আঙ্গিকে বার্সা টিভি প্লাসের উদ্বোধনের দিনে সংবাদমাধ্যমের সামনে ক্লাবের হয়ে উপস্থিত ছিলেন গ্রিজমান। ওই অনুষ্ঠানেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন।
গ্রিজমানের আমেরিকার প্রতি ভালোবাসা এসেছে বাস্কেটবল থেকে। খেলাটিকে তিনি এতই পছন্দ করেন যে প্রতি সপ্তাহে মাঠে বসে বাস্কেটবল ম্যাচ দেখতে চান। তাই আমেরিকার কোনো ফুটবল ক্লাবে পাড়ি জমাতে চান। সেখানে তাকে কেউ চিনবে না। তাই রাস্তায় বের হলে বিস্তর সমর্থকের পিছু নেওয়ার ঝক্কি নেই। আয়েশ করে বাস্কেটবল ম্যাচ দেখতে পারবেন তিনি। এছাড়া আমেরিকান ফুটবল লিগও (এনএফএল) তার খুব প্রিয়। আমেরিকা গেলে ওই খেলাও মাঠে বসে দেখতে চান। এসবের সঙ্গে নিজের প্রিয় ফুটবলকে নিয়েও থাকা হবে। তাই ক্যারিয়ারের শেষ অংশটা এমএলএসে কাটাতে চান গ্রিজমান। অবশ্য এই চিন্তাগুলো আরও তিন-চার বছর পরের বললেন ফরাসি স্ট্রাইকার। তার চিন্তায় বর্তমানে এক নম্বর প্রাধান্য বার্সেলোনার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা। গ্রিজমান জানান, ‘বার্সার হয়ে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমার স্বপ্ন এবং এক নম্বর উদ্দেশ্য। এরপর যেকোনো কিছু আসুক জিততে চাই। কারণ, আমার সবচেয়ে বড় আরাধ্য বিশ্বকাপ জেতা হয়েছে। এখন ক্লাব পর্যায়ে সেরা দলের হয়ে সেরা শিরোপাগুলো জিততে চাই। এরপর আরও একটি বিশ্বকাপ আছে, কাতার বিশ্বকাপ। ওই শিরোপা জেতার স্বপ্নও আছে। এরপর আমি নিজেকে এমএলএসে দেখতে চাই। আমি এখনো জানি না কোন দলের হয়ে খেলব, কিন্তু এটা আমার ক্যারিয়ারের আরেকটি উদ্দেশ্য। আমি যুক্তরাষ্ট্র ফুটবলের একটি অংশ হতে চাই। সেখানকার কোনো দলের হয়ে শিরোপা লড়াই দিতে চাই। ফুটবলের বাইরে যুক্তরাষ্ট্রে এনবিএ (বাস্কেটবল) ও এনএফএল আমাকে খুব টানে। এ কারণেও যুক্তরাষ্ট্র আমার পছন্দ।’
