করোনাভাইরাসের কারণে অনেক দেশেই স্থগিত আছে ফুটবল লিগ। যে সব দেশে লিগ শুরু হয়েছে বা হবে, স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে তা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। ব্যতিক্রম ভিয়েতনাম। স্থগিত থাকা ভিয়েতনামের ফুটবল লিগ শুক্রবার শুরু হয়েছে দর্শকপূর্ণ স্টেডিয়ামে।
ভিয়েতনাম বিশ্বের অন্যতম দেশ যেখানে করোনার মোকাবিলা করা হয়েছে সাফল্যের সঙ্গে। চীনের পাশেই, ইন্দো চীন উপদ্বীপের পূর্ব উপকূলে এর অবস্থান। তবুও আগাম সতর্কতার কারণে দেশটিকে আক্রান্তের সংখ্যা অনেক কম। মাত্র ৩২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ভিয়েতনামে। মৃত্যু নেই একটিও। মার্চে স্থগিত পেশাদার ফুটবল লিগ শুক্রবার শুরু হলে নাম দিনহ স্টেডিয়ামে শুক্রবার দর্শক হাজির হয় ৩০ হাজার। ধারণ ক্ষমতার পুরোটাই ছিল ভরা। স্বাগতিক নাম হা নাম দিনহকে ২-১ গোলে হারিয়েছে ভিত্তেল। এদিন আরও দুটি খেলা হয় ভিয়েতনাম ফুটবল লিগে। দর্শকদের মধ্যে কারও কারও মুখে ছিল মাস্ক। তবে তারা সাধারণ সময়ের মতো একে অপরের সঙ্গে কাঁধ ঘেঁষেই ছিল।
তাপমাত্রা মেপে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিচ্ছন্ন করে তবেই মাঠে ঢোকানো হয় সমর্থকদের। এক সমর্থক বলেন, ‘আমরা যদি ভাইরাসকে ভয় পেতাম তবে মাঠে আসতাম না। আমাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে ভাইরাসের বিরুদ্ধে নেওয়া (সরকারের) ব্যবস্থাগুলো ভালো ছিল। এখানে সবাই আনন্দ করতে এসেছি।’ ভিয়েতনাম জাতীয় দলের অধিনায়ক ভিত্তেলে খেলা কুই নগোক হেই বলেছেন, ‘অন্য দেশের সঙ্গে আমাদের তুলনা করতে বলছি না। ভিয়েতনাম ফুটবল মাঠে ফিরে এসেছে দর্শকপূর্ণ স্টেডিয়ামে, এ থেকেই বোঝা যায় ভিয়েতনাম ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করেছে।’ ইন্টারনেট।
