রেলপথে তৃতীয় দফায় ১৬০০ টন পেঁয়াজ আমদানি

আপডেট : ০৭ জুন ২০২০, ০৭:১১ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে তৃতীয় দফায় ১ হাজার ৬০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় দামও কমছে। বর্তমানে এসব পেঁয়াজ ট্রাকসেলে ১৫-২১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে তা ২১-২৪ টাকায় বিক্রি হয়েছিল।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ভারতের নাসিক থেকে ১ হাজার ৬০০ টন পেঁয়াজের চালান নিয়ে ৪২ বগির ভারতীয় মালবাহী ট্রেন হিলি রেলস্টেশন আসে। হিলি স্থলবন্দরের আমদানিকারক সততা বাণিজ্যালয় এ পেঁয়াজ আমদানি করেছে। ট্রেনটি দর্শনা দিয়ে হিলি রেলস্টেশনে আসে। এরপর ট্রেন থেকে পেঁয়াজ খালাস শুরু হয়। পেঁয়াজগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। এর আগে গত ২৮ মে  বিরল রেলবন্দর ও ১ জুন দর্শনা রেলবন্দর দিয়ে ১ হাজার ৬০০ টন করে পেঁয়াজ আমদানি হয়েছিল।

সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান বলেন, করোনা  সংক্রমণ রোধে বাংলাদেশ ও ভারতে সাধারণ ছুটি ও লকডাউন চলার কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই মাসের বেশি সময় ধরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে পেঁয়াজের সরবরাহ কমায় দাম বাড়তে থাকে। সরকার অনুমতি দেওয়ায় ভারত থেকে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। এ নিয়ে তৃতীয় দফায় ভারতের মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ হিলি স্টেশনে এসেছে। এভাবে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে।

হিলি রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, ভারত থেকে ১ হাজার ৬০০ টন পেঁয়াজ নিয়ে মালবাহী ট্রেনটি দর্শনা রেলবন্দর হয়ে দেশে প্রবেশ করে। এর মধ্যে ১২টি বগি ঈশ্বরদীতে রেখে ৩০টি বগি নিয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে পৌঁছেছে। ট্রেনটি থেকে পেঁয়াজ খালাসের কার্যক্রম চলছে। আজ বাকি ১২টি বগি হিলি রেলস্টেশনে আসবে। পেঁয়াজ খালাস হয়ে গেলে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বিরল অথবা দর্শনা রেলবন্দর দিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটিকে ভারতে ফেরত পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত