করোনা আক্রান্ত ৬ হাজার পুলিশ সুস্থ ২৪৪৫

আপডেট : ০৭ জুন ২০২০, ০৭:৩৩ এএম

সারা দেশে গতকাল শনিবার পর্যন্ত ছয় হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৪৪৫ জন সুস্থ হয়েছেন। আইসোলেশনে আছেন ১৯৯৫ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন আরও ৬৭২৩ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। পুলিশ সদর দপ্তরের এক পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে।

সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘সুস্থ হওয়া বেশিরভাগ সদস্যই পুনরায় দেশমাতৃকার সেবায় নিয়োজিত হয়েছেন। পুলিশে সুস্থতার হার ৩৪ দশমিক ৩৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যই বেশি। তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১, পুলিশ সুপার পদমর্যাদার ৮, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৮ জন রয়েছেন। বাকিরা সবাই এসআই, এএসআই ও কনস্টেবল। আক্রান্তদের দেখভালে ইতিমধ্যে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে জানান, মাঠপর্যায়ে নিয়োজিত সদস্যদের সুরক্ষিত রাখতে সচেতনতার পাশাপাশি তাদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সম্পর্কে অবগত করানো হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। তাছাড়া সুরক্ষা সামগ্রী, পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ ও ব্যবহারও নিশ্চিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত