করোনার ধাক্কা বিনোদন অনুষ্ঠানেও

আপডেট : ০৭ জুন ২০২০, ০৭:৩৯ এএম

প্রতি বছর ঈদে নতুন নাটকের পাশাপাশি দর্শকের আগ্রহ থাকে নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের দিকে। প্রিয় তারকার সাক্ষাৎকার, ম্যাগাজিন অনুষ্ঠান, গান ও নাচের অনুষ্ঠান, কমেডি শো, গেম শো- কত কী হয়। কিন্তু এবার করোনার প্রকোপে দেশীয় টেলিভিশন চ্যানেলে সেভাবে কোনো অনুষ্ঠানই হয়নি। যা হয়েছে, তাও সময় আর উপযুক্ত পরিবেশের অভাবে কতখানি মানসম্মত হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এ কথা স্বীকার করেছে একাধিক টিভি চ্যানেল কর্তৃপক্ষও। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমিরুল ইসলাম বলেন, ‘আমরা এবার কোনো নন-ফিকশনই তৈরি করিনি। কারণ, নন-ফিকশনের জন্য অনেক বড় পরিকল্পনা লাগে। তারকাদের সময় নিতে হয়। সেট, প্রপস থেকে শুরু করে শ্যুটিংয়ে বেশ ঝামেলা থাকে। করোনা পরিস্থিতিতে তার কিছুই আসলে করা সম্ভব নয়। তবে নাটক-সিনেমার পাশাপাশি কিছু পুরনো গানের অনুষ্ঠান আমরা দেখিয়েছি। নন-ফিকশন বলতে, শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘জীবনের গল্প’ শিরোনামের টকশোটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। এটি মূলত রোজা থেকেই আমরা শুরু করেছিলাম। ঈদের কয়েকদিন বিশেষ অতিথি নিয়ে আমরা পর্ব সাজিয়েছিলাম। তারকারা যার যার বাসা থেকে জয়ের সঙ্গে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছিলেন।’

ইটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জাহিদ হোসেন শোভনও একই কথা বললেন। তার ভাষ্য, ‘ইটিভিতে তেমন কোনো নন-ফিকশনই ছিল না। আর্কাইভ থেকে পুরনো নাচ ও গানের অনুষ্ঠান পুনঃপ্রচার করা হয়েছে।’

বাংলাভিশনেও একই অবস্থা। এই প্রতিষ্ঠানের অনুষ্ঠান বিভাগের প্রধান তারেক আখন্দ জানান, ‘বাংলাভিশনে পুরনো যে কটি নন-ফিকশন দেখানো হয়েছে তা সেভাবে সাড়া ফেলেনি সত্যি। কিন্তু প্রতিবারের মতো এবারও চাঁদ রাতে ফোক সম্রাজ্ঞী মমতাজের একক সংগীতানুষ্ঠান দারুণ সাড়া ফেলেছে। এই অনুষ্ঠানের প্রতি দর্শকের এত আগ্রহ যে, মমতাজ আপাও কোনোভাবে না করতে পারেননি। আমাদের স্টুডিওতে এসে তিনি লাইভ অনুষ্ঠান করেছেন। তবে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজটি করেছি।’

নন-ফিকশনের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে এটিএন বাংলা। এ টেলিভিশনে পুরনো গানের অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়নসহ নতুন সেলিব্রেটি টকশো ও নাচের অনুষ্ঠান দেখানো হয়েছে। টকশোতে অংশ নেন চার তরুণ চলচ্চিত্র তারকা ইমন, নীরব, তমা মির্জা ও আইরিন সুলতানা। তবে সবচেয়ে নজর কেড়েছে জনপ্রিয় নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগের পরিকল্পনা ও কোরিওগ্রাফিতে নাচের অনুষ্ঠান ‘গৃহবন্দি ছন্দ’। সোহাগ বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে আমরা মানসম্মত অনুষ্ঠান করতে পারি, এই অনুষ্ঠানটি দেখে তা সবাই বুঝতে পারবেন। অনুষ্ঠানটি দুই পর্বে প্রচার হয়েছে। মোট ১২টি নাচে সোহেল রহমান, চাঁদনী, নাদিয়া আহমেদ, লিখন রায়, মেহজাবিন চৌধুরী, হৃদি শেখ, ইভানা, আমিসহ দেশের ২৪ জন জনপ্রিয় নৃত্যশিল্পী অংশ নিয়েছেন ঘরে থেকে। দর্শক অনুষ্ঠানটি দারুণ পছন্দ করেছেন।’

বিটিভিতেও সোহাগের কোরিওগ্রাফিতে একটি নতুন একক অনুষ্ঠান প্রচারিত হয়েছে। সেটির শ্যুটিং বিটিভির স্টুডিওতেই হয়েছে। এছাড়া তিনি জানান, প্রায় সব চ্যানেলেই তার পুরনো নাচ প্রচারিত হয়েছে। বিটিভিতে প্রচারিত নন-ফিকশনের মধ্যে কিছুটা সাড়া ফেলেছে পুরনো আনন্দমেলার কিছু কিছু অংশ নিয়ে সম্পাদিত একটি অনুষ্ঠান। এটি ঘর থেকে উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। এ অনুষ্ঠানে তার নাচও ছিল। সোহাগের কোরিওগ্রাফিতে আরও নেচেছেন চিত্রতারকা ফেরদৌস আহমেদ ও পূর্ণিমা। গান গেয়েছেন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত