সলিল চৌধুরীর গান নিয়ে বাংলাদেশ-ভারতের ১২ জন মিউজিশিয়ান

আপডেট : ০৭ জুন ২০২০, ০৭:২৭ পিএম

‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না’ উপমহাদেশের কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব সলিল চৌধুরীর এই উদ্দীপনামূলক গণসংগীতটি শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। ‘ঘুম ভাঙার গান’ অ্যালবামের এই গানটি রচিত হয়েছিল ১৯৪৯ সালে। কাল অতিক্রম করা এই গানটি আজও আমাদের বিপদে-সংকটে আলোর পথ দেখায়, থেমে না পড়ার অনুপ্রেরণা জোগায়।

আজ বিশ্বব্যাপী আমরা সবাই করোনা আতঙ্কে গৃহবন্দী। অনেক মানুষ ইতিমধ্যেই কাজ হারিয়েছেন। ফুরিয়ে আসছে সঞ্চয়। গৃহবন্দী এই পাথর-সময়ে ‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না’ গানের সুর নতুন করে আমাদের সাহস জোগায়। নির্বিকল্প ও অনবদ্য এই গানের সুর নতুন কম্পোজিশনে ইন্সট্রুমেন্টাল ভার্সন উপহার দিয়েছেন বাংলাদেশ ও ভারতের ১২ জন মিউজিশিয়ান। তারা হলেন, রাহুল চ্যাটার্জি, স্নেহাশিস মজুমদার, মোরশেদ খান, পেয়ারু খান, কাজী অরিন্দম, সৌম্যজ্যোতি ঘোষ, গোপা দে সরকার, তাপস রায়, ফুয়াদ নাসের বাবু, সম্রাট বোস, ওয়ালটার দিয়াস ও রকেট মণ্ডল। গানটির সুর নতুনভাবে কম্পোজিশন করেছেন ভারতের মিউজিশিয়ান-কম্পোজার রকেট মণ্ডল।

ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার রকেট মণ্ডল বলেন, দাদার গানে প্রেরণাদায়ক বিষয় রয়েছে। চলমান এই লকডাউনের ফলে আমরা অনেকেই চাকরি হারানো এবং হতাশাগ্রস্ত হওয়ার আশঙ্কা করতে শুরু করেছি। ফলে এই গানটির কথাই বারবার মনে আসে আমার।

তিনি আরও বলেন, গানের ইন্সট্রুমেন্টাল ভার্সন  ভারত এবং বাংলাদেশ থেকে সবাই মিলে এটি রেকর্ড করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল এমন একজন শিল্পীর সঙ্গে কাজ করার জন্য। তার গানের  লিরিক্যাল মান রয়েছে এবং এখনো প্রাসঙ্গিক। এত বছর পরও সেই একই আবেদন রয়েছে।

বাংলাদেশের খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু বলেন, আমাকে কাজটির বিষয়ে যখন বলা হয় রাজি হয়ে যাই। বাংলা গানের ইতিহাসে একটি সমৃদ্ধ গান এটি। বলা মাত্রই আমি পিয়ানো নিয়ে বসে পড়ি। শ্রোতারাই কাজটি পছন্দ করবেন আশা করি।   

গানটি আজ ৭ জুন রাতে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত হবে।

এ ব্যাপারে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আরটিভি এই সংগীতায়োজনে ও প্রচারের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। আশা করি, এই বিষণ্ন সময়ে আমরা সবাই ‘আলোর পথ যাত্রী’ হয়ে এগিয়ে যাবো; আমাদের ‘আশার তরণী’ কোনো ‘বালুর চরে’ থামবেনা। আমরা যতই ‘শ্রান্ত’-‘রিক্ত’ হই না কেন আমরা ‘হাল ছাড়ব না’। আমাদের ‘ছিন্ন পালে জয় পতাকা তুলে সূর্য তোরণে’ হানা দেবই দেব।

উল্লেখ্য, ভারতীয় সংগীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার সলিল চৌধুরী। তিনি বাংলা, হিন্দি, এবং মালায়লাম চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসংগীতের প্রণেতা হিসেবে একজন স্মরণীয় বাঙালি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত