জুলাইয়ে বাংলাদেশের সঙ্গে ৩ টেস্টের সিরিজ আয়োজন করতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী দুদিন আগে জানিয়েছেন, সফরের সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে জানানো হবে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এ সফরে না যায়, বিকল্প একটি উপায় ভেবে রাখছে এসএলসি। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ আগস্ট-সেপ্টেম্বরে না করে এগিয়ে আনবে শ্রীলঙ্কা। এই লিগ তারা করতে চায় অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে।
বাংলাদেশের আগে জুনেই তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল ভারতের। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও কোহলিদের এই সফরটা যে হচ্ছে না, সেটি অনেকটাই নিশ্চিত। শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভা কলম্বোর একটি পত্রিকাকে বলেছেন, ‘সফর দুটি খুবই অনিশ্চিত এখন। ভারত সিরিজ বাদ। বাংলাদেশেরটাও ঝুলে আছে (করোনা) পরিস্থিতির কারণে। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ভালো না হয়, তারা এ বছর আসবে না।’
ডি সিলভা আরও বলেন, ‘বাংলাদেশ সিরিজ যদি না হয়, অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগী হতে হবে। কারণ, ওটাই আমাদের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট। ক্রিকেট অস্ট্রেলিয়া খুব চাইছে টুর্নামেন্ট ঠিক সময়ে আয়োজন করতে। সেই সম্ভাবনাও আছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এরই মধ্যে তাদের ক্রিকেট সূচি প্রকাশ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমরা তাই এসএলপিএল আয়োজন করতে চাই।’ ইন্টারনেট।
