বিএনপি এখনো স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষক : তথ্যমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২০, ০৫:৫১ এএম

স্বাধীনতার প্রায় ৫০ বছর পর বিএনপি এখনো স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ছয় দফা দিবস উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার প্রায় ৫০ বছর পর এটি দুঃখজনক যে, একটি রাজনৈতিক দল বিএনপি, তারা এখনো স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষকতা করে। তাদের দলের মধ্যেও বহু স্বাধীনতাবিরোধী রয়েছে। এখনো স্বাধীনতার পক্ষ-বিপক্ষের শক্তি নিয়ে কথা বলতে হয়, যেটি স্বাধীনতার প্রায় ৫০ বছর পরে দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘আজ ঐতিহাসিক ছয় দফা দিবস, ১৯৬৬ সালের এ দিনে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেছিলেন। প্রকৃতপক্ষে স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করেছিলেন। এটির পক্ষে বাংলাদেশের মানুষ অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলার মানুষ অকুণ্ঠ সমর্থন দিয়েছিল।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘ছয় দফার ভিত্তিতে ১৯৭০ সালের নির্বাচন হয়েছিল এবং এ দেশের মানুষ নিরঙ্কুশ সমর্থন জানিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত