করোনার উপসর্গ জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে খুলনায় দুই নারী মারা গেছেন। এ ছাড়া চাঁদপুরে দুজন এবং কিশোরগঞ্জ, জামালপুর, লক্ষ্মীপুর ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর
খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) গতকাল রবিবার সকালে ৪ ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়। তারা দুজনই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ নিয়ে খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হলো। গতকাল বেলা ১১টার দিকে মারা যান নড়াইলের হাটবাড়িয়ার আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫); এর আগে সকাল ৭টার দিকে মারা যান গোপালগঞ্জের কোটালীপাড়ার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫)। খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পারসন (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
চাঁদপুর : চাঁদপুরে করোনায় একজন ও করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। করোনায় আক্রান্ত চাঁদপুর শহরের গুণরাজদী এলাকার মোশাররফ হোসেন (৬০) নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান। গতকাল সকালে এ ছাড়া সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পল্লীচিকিৎসক আবদুস সোবহান খান (৭০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এর আগে শনিবার রাত ২টার দিকে করোনা উপসর্গ নিয়ে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় কার্তিক দাস (৫৫) মারা যান।
ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে গত শনিবার নূরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি শহরের গাছতলাঘাট এলাকার বাসিন্দা। ৭-৮ দিন ধরে জ্বর-সর্দিতে আক্রান্ত নূরুল ইসলামের গতকাল শ্বাসকষ্ট শুরু হলে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহমেদ জানান, তার বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। গত শুক্রবার শহরের ভৈরবপুর মধ্যপাড়া এলাকায় উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী হাজী জসিম মিয়ার প্রতিবেদনে পজিটিভ এসেছে। এ নিয়ে ভৈরবে করোনায় মারা গেলেন ৫ জন। উপজেলায় আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে; আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জনে।
জামালপুর : মেলান্দহ উপজেলার কুলিয়া ইউপির সাবেক সদস্য মোজাম্মেল হক মজনু (৬৫) গতকাল ভোরে নিজ বাড়িতে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফজলুল হক জানান, মোজাম্মেল হক কয়েক দিন ধরে শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। আগে থেকেই তার হৃদরোগ ছিল। তার মৃত্যুর খবর পেয়ে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পিপিআর ল্যাবে পাঠানো হয়েছে। তার সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহসহ তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর : গতকাল সকালে রায়পুর উপজেলার বানমী ইউনিয়নের চরশাইশা গ্রামের একটি ভাড়া বাসায় মারা যান ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, কয়েক দিন ধরে তিনি জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন। দুদিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। তার মৃত্যুর পর ২টি বাড়ি লকডাউন করা হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোয়াইল গ্রামের নজরুল ইসলাম (৪৫) নামে এক কাঠমিস্ত্রি শনিবার রাতে মারা গেছেন। গতকাল সকালে বিশেষ ব্যবস্থায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুহেলি শারমিন জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হলো।
