আড়াই মাস বন্ধ থাকার পর গতকাল বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই ভারতীয় ট্রাকচালকরা বন্দরে পণ্য নিয়ে প্রবেশ করছেন।
বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে গত ২৩ মার্চ থেকে বন্দরে আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। কার্যক্রম চালু করতে ভারতের কেন্দ্রীয় সরকার বারবার চিঠি দিলেও পশ্চিমবঙ্গে করোনার রেড জোন থাকায় তৃণমূল অনুমতি দেয়নি।
চতুর্থ দফা লকডাউন চালুর পর কেন্দ্র সরকার বেশ কিছু ক্ষেত্রে লকডাউন তুলে নিয়ে আনলক অন পদ্ধতি চালু করেছে। সে সুবাদে পশ্চিমবাংলা সরকার এবং পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠনের নেতারা প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকের পর আমদানি রপ্তানি চালুর সিদ্ধান্ত নেয়।
ভারতের পেট্রাপোল বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র জানান, প্রাায় আড়াই হাজার পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। দীর্ঘদিন পড়ে থাকায় ট্রাকে থাকা পণ্যের গুণগত মান কমে গেছে। অনেক ট্রাকের ব্যাটারি, টায়ার ইত্যাদি অকেজো হয়ে যাওয়ায় একটু ধীরগতিতে আমদানি-রপ্তানি হবে। তবে আজ থেকে আগের মতোই কার্যক্রম চলবে বলে তিনি জানান।
বেনাপোল বন্দরের পরিচালক মামুন তরফদার জানান, পিপিই ও মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনেই ভারতীয় ট্রাকচালক ও হেলপাররা বেনাপোলে প্রবেশ করছেন। আমরা সব ধরনের সাপোর্ট দিচ্ছি পণ্য দ্রুত লোড-আনলোডের জন্য।
