লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা

সন্ধান মিলছে না ভৈরবের ২ যুবকের

আপডেট : ০৯ জুন ২০২০, ০৫:৪৯ এএম

লিবিয়ায় মানবপাচারকারীরা গুলিতে ২৬ বাংলাদেশি হত্যার ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও কিশোরগঞ্জের ভৈরবের দুই যুবকের এখনো সন্ধান মেলেনি। তারা হলেন, জগন্নাথপুর এলাকার ফল ব্যবসায়ী আসাদ মিয়ার ছেলে বিজয় মিয়া ও একই গ্রামের মৃত আলী আকবরের ছেলে ইসার উদ্দিন। ওই ঘটনায় হতাহতের তালিকায় এদের নাম না থাকায় তারা জীবিত না মৃত তা জানতে না পেরে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের লোকদের।

স্বজনরা জানান, ভৈরব পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের দালাল জাফরের কথায় সংসারের সচ্ছলতা ফেরাতে অবৈধ পথে লিবিয়ায় পাড়ি জমান একই গ্রামের ইসার উদ্দিন ও বিজয় মিয়া। জাফরের কথা মতো তারা প্রত্যকে সাড়ে চার লাখ করে টাকা দিয়ে লিবিয়া যান। সর্বশেষ পরিবারের কাছে গত ২৫ মে একটি ভয়েস রেকর্ড পাঠান তারা। রেকর্ডে তারা দুজনই আবারও ১০ লাখ টাকা করে পাঠাতে বলেন। অন্যথায় তাদের মেরে ফেলা হবে বলেও জানান। তাদের এমন আকুতিতে টাকা জোগাড় করতে স্বজনরা দিশেহারা হয়ে ওঠেন। তবে এর তিনদিন পরই মানবপাচারকারী চক্রের সদস্যদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হওয়ার খবর পান তারা। এ ঘটনার পর থেকে ইসার উদ্দিন ও বিজয়ের কোনো খোঁজ মিলছে না। ভৈরব উপজেলা প্রশাসনের হাতে এলাকার হতাহতদের নামের তালিকা এলেও এই দুজনের নাম নেই।

বিজয় মিয়ার বাবা আসাদ মিয়া ও মা পেয়ারা বেগম বলেন, লিবিয়াতে থাকা পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও খোঁজ পাওয়া যাচ্ছে না সন্তানের। যেকোনো কিছুর মূল্যে তারা তাদের সন্তানকে ফিরে পেতে চান।

নিখোঁজ হওয়া দুজনের সঠিক তথ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনাসহ দালালদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ও দরবারী কামরুজ্জামান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, তিনি নিখোঁজ দুই যুবকের সন্ধানে খবরাখবর নিচ্ছেন। তিনি ইতিমধ্যে লিবিয়ার ত্রিপলিতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত