রাত ১২টার পর পূর্ব রাজাবাজারে লকডাউন

আপডেট : ০৯ জুন ২০২০, ০৬:১১ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পূর্ব রাজাবাজার এলাকা ‘রেড জোন’ ঘোষণা করে আজ মঙ্গলবার রাত ১২টার পর থেকে অর্থাৎ বুধবার থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

গতকাল সোমবার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম।

সভায় নেওয়া সিদ্ধান্ত হলো পূর্ব রাজাবাজার এলাকার নাজনিন স্কুল অ্যান্ড কলেজে ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), এটুআই, ই-কমার্স অব বাংলাদেশ (ইক্যাব) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধি নিয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে; এলাকায় একটি মাত্র প্রবেশ ও বের হওয়ার পথ (গ্রিন রোডে আইবিএ হোস্টেলের পাশে) খোলা থাকবে; লকডাউন চলাকালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে; এ সময় এলাকায় বসবাসরত লোকজন বাইরে যেতে পারবেন না এবং বাইরের লোকজন ভেতরে প্রবেশ করতে পারবেন না; তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসামগ্রী অনলাইনের মাধ্যমে ক্রয় করা যাবে, যা বাসায় পৌঁছে দেওয়া হবে। এটুআই ও ইক্যাব যৌথভাবে এটি পরিচালনা করবে। হোম ডেলিভারির জন্য ইতিমধ্যে একদল প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরি করা হয়েছে; যাদের অনলাইন সুবিধা নেই, নগদ অর্থে খাদ্যসামগ্রী ক্রয় করতে চান তাদের জন্য দুই-একটি শাকসবজি, মাছ-মাংসের ভ্যান, ভ্যানচালক ও পণ্যসামগ্রী সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ভেতরে প্রবেশ করানো হবে; স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান এলাকার কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের একটি তালিকা তৈরি করেছেন। সেই তালিকা অনুযায়ী ডিএনসিসি থেকে ত্রাণসামগ্রী সরবরাহ করা হবে; এ ছাড়া এই এলাকার অসুস্থ রোগীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে টেলিমেডিসিন সার্ভিস চালু, নাজনিন স্কুল অ্যান্ড কলেজে কভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হবে।

ডিএনসিসির কর্মকর্তারা জানান, এলাকাবাসী ত্রাণের জন্য ৩৩৩ এবং অন্যান্য প্রয়োজনে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান (০১৯১১-৩৮০৬৩৩), আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন (০১৭১৫৪০৭১৩৯), ওসি শেরেবাংলা নগর থানা (০১৭১৩-৩৯৮৩৩৫), ব্র্যাকের প্রতিনিধি ডা. ফারহানা (০১৭১৩০৯৫২৭৯), আইইডিসিআর প্রতিনিধি ডা. ফারজানা (০১৭১৯-২১২৫৯১) এবং মাসুদ হোসেন পিএ টু ওয়ার্ড কাউন্সিলরের (০১৭১১-৯৩৯৭৯৬) সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত