মির্জাপুরে ৯ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

আপডেট : ০৯ জুন ২০২০, ০৬:৩৬ এএম

টাঙ্গাইলের মির্জাপুরের ৯ মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করেছে সরকার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর তারা বিমান বাহিনী ও তৎকালীন বিডিআরে (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি) যোগদানকালে নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে গেজেটভুক্ত হয়েছিলেন। গত রবিবার সারা দেশে এক হাজার ১৮১ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তাদের মধ্যে মির্জাপুরের ওই ৯ জনের নাম রয়েছে।

জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে কোনো কাগজপত্র জমা না থাকায় বাহিনীগুলোর কাছে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা চাওয়া হয়েছিল। পরে ওই তালিকার ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভায় এক হাজার ১৮১ জনের সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। পরে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২’ (২০০২ সালের ৮ নম্বর আইন) এর ৭(ঝ) ধারা অনুযায়ী জাতীয় জামুকার সুপারিশের পরিপ্রেক্ষিতে এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে বাহিনীতে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

মুক্তিযুদ্ধের পর তৎকালীন বিডিআরে যোগদান করা মির্জাপুরের সনদ বাতিল হওয়া ব্যক্তিরা হলেন আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামের শুকুর ব্যাপারীর ছেলে ময়শের আলী (জেসিও-৪০৭৩, নায়েক সুবেদার, গেজেট নম্বর ৬৬৭৭), বহুরিয়া ইউনিয়নের বেত্রাসিন গ্রামের খোরশেদ আলী মিয়ার ছেলে শাজাহান মিয়া (হাবি. সহ, গেজেট নম্বর ৬৮০৮), উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে রবিউল আওয়াল (হাবিলদার, গেজেট নম্বর ৬৮৭৬), বরোটিয়া গ্রামের আবুল হোসেন খানের ছেলে আবদুল জব্বার (না. সহ., গেজেট নম্বর ৫৭৪৩), আউটপাড়া গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে এ বি সিদ্দিক (না. সুবে., গেজেট নম্বর ৮৪১৬), ভাতগ্রামের মর্তুজা আলীর ছেলে আমজাদ আলী (হাবিলদার, গেজেট নম্বর ৭০০৪), বানাইল ইউনিয়নের ভাবখণ্ড গ্রামের এরশাদ খানের ছেলে কামরুজ্জামান (হাবিলদার, গেজেট নম্বর ৭২৬৮), ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের নাজিম উদ্দিন মোল্লার ছেলে শহিদুর রহমান (হাবিলদার, গেজেট নম্বর ৮৪২০)। বিমান বাহিনীতে যোগদানকৃত উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা গ্রামের কাজি হাবিবুর রহমানের ছেলে কাজি মাহমুদুর রহমান (গেজেট নম্বর ৯১৫)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত