করোনাভাইরাসসহ যে কোনো বিষয়ে গুজব বা অপপ্রচার ছড়ানো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ এবং জনস্বার্থ রক্ষায় সরকার এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার কভিড ইউনিট উদ্বোধন করেন তিনি।
এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।
ড. হাছান বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের শুরুতে সারা পৃথিবীতে ভেন্টিলেশন ইউনিটের সংকট ছিল। একারণে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে ৬৫ বা তদূর্ধ্ব বয়সের মানুষের চেয়ে অপেক্ষাকৃত তরুণদের ভেন্টিলেশন ইউনিটের মাধ্যমে চিকিৎসার অগ্রাধিকার দেয়া হয়েছিল।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সামনে ও অন্যান্য অঙ্গরাজ্যে পিপিই’র জন্য বিক্ষোভ হয়েছে। কানাডায় ও ইউরোপের বিভিন্ন দেশে মাস্কের সংকট ছিল। আমাদের দেশে এ ধরনের সংকট হয়নি।’
‘বরং দু’দিন আগে নাইজেরিয়া বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে ওষুধ, পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী নিয়ে গেছে। আমরা এসকল সুরক্ষা সামগ্রী মালদ্বীপেও পাঠিয়েছি’ যোগ করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘এটা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে অনেক সময় নানা গুজব ও অপপ্রচার দেখা যায়। করোনাভাইরাসসহ যে কোনো বিষয়ে গুজব, আতংক বা অপপ্রচার ছড়ানো ফৌজদারি অপরাধ, যা শাস্তিযোগ্য।’
ড. হাছান বলেন, ‘ইতোমধ্যে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ঘটলেও সরকার ব্যবস্থা নেবে।’
