৭৮৯ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

আপডেট : ০৯ জুন ২০২০, ০৯:৩৯ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২০ ব্যাচে ৫১ নারী নাবিকসহ ৭৮৯ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার খুলনার নৌ ঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। 

পরে তিনি কৃতি নবীন নাবিকদের পুরষ্কার বিতরণ করেন।  

নৌবাহিনী জানায়, করোনা মহামারির এ অচলাবস্থার মধ্যেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এবং সরকারের প্রণীত স্বাস্থ্যবিধি মেনে নবীন নাবিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ মেনে এ/২০২০ ব্যাচের নবীন নাবিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয়।  

নবীন নাবিকদের মধ্যে মো. রাইহাতুল তৌফিক সেজান পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে 'নৌ প্রধান পদক' লাভ করে। 

এ ছাড়া সাইদুর রহমান সিদ্দিক দ্বিতীয় স্থান অধিকার করে 'কমখুল পদক', হাসিবুল ইসলাম হাসিব তৃতীয় স্থান অধিকার করে 'তিতুমীর পদক' এবং মীরা আক্তার নারী নাবিকদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ লাভ করে। 

প্রীতিলতা ওয়াদ্দেদার পদক এবারই প্রথম প্রবর্তন করা হয়েছে। 

কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা নৌ অঞ্চলের সীমিতসংখ্যক নৌ কর্মকর্তা, জেসিও‘স, পিও‘স এবং বীর নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত