প্লাজমা নেটওয়ার্ক ‘সহযোদ্ধা’ দাতা-গ্রহীতার মেলবন্ধন ঘটাবে: পলক

আপডেট : ১০ জুন ২০২০, ১২:৫৪ এএম

করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা সংগ্রহ এবং সরবরাহে চালু হলো ‘সহযোদ্ধা’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের।

মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর উদ্বোধন করেন। তিনি বলেন, প্লাজমা নেটওয়ার্ক ‘সহযোদ্ধা’ আগ্রহী প্লাজমা দাতা এবং গ্রহীতার মধ্যে সেতুবন্ধন ঘটিয়ে করোনা রোগীকে সুস্থ করে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে।

আইসিটি বিভাগ, স্বাস্থ্য সেবা অধিদপ্তর, এটুআই, ইনোভেশন ল্যাব এবং ইজেনারেশনের উদ্যোগে ‘সহযোদ্ধা’ নামে প্লাজমা নেটওয়ার্কের এই প্ল্যাটফর্মটি করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে অনলাইনে আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগণকে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ রাখতে সরকার নানাবিধ উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে সুস্থ করতে আইসিটি বিভাগের আরেকটি উদ্যোগ হলো ‘সহযোদ্ধা’ প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, যারা ইতিমধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তাদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করে চাহিদা মোতাবেক সেটি সরবরাহে স্বাস্থ্য খাতকে সহায়তা করতে এই প্ল্যাটফর্ম করা হয়েছে। আগ্রহী প্লাজমা দাতা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সহায়তার জন্য তৈরি এই ডিজিটাল প্লাজমা ব্যাংকে নিবন্ধন করতে পারবেন। যদি চিকিৎসক প্লাজমা থেরাপি দেয়ার পরামর্শ দেন তাহলে আক্রান্ত রোগীর জন্য প্ল্যাটফর্মটিতে প্লাজমা খোঁজা এবং সংগ্রহ করার প্রয়োজনীয় সব সুবিধা থাকছে। বিস্তারিত ‘সহযোদ্ধার’ অফিশিয়াল ওয়েবসাইট (www.shohojoddha.com) ভিজিট করে জানা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত