তালিকাভুক্ত কোম্পানির কর

২০ শতাংশ করার দাবি সিএসইর

আপডেট : ১০ জুন ২০২০, ০৭:০৬ এএম

নতুন কোম্পানিকে পুঁজিবাজারে আনতে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর ২০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে স্টক এক্সচেঞ্জটি। গতকাল সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ২০২০-২১ বাজেটে এমন প্রস্তাব দিয়েছেন।

 যেসব কোম্পানি এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি, সেসব কোম্পানিকে অনুপ্রাণিত করতে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর কমানোর প্রস্তাব দিয়েছেন সিএসই চেয়ারম্যান। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর ২৫ শতাংশ। এটি ২০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব সিএসইর। এছাড়া এসএমই কোম্পানির জন্য নতুন কর হার নির্ধারণেরও প্রস্তাব দিয়েছে সিএসই।

পুঁজিবাজারের গভীরতা বৃদ্ধি ও ব্যাংকের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে মৌলভিত্তির কোম্পানিগুলোকে তালিকাভুক্তিতে উৎসাহিত করতে কর সুবিধার প্রস্তাব দিয়েছে সিএসই। এসএমই খাতের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম তিন বছর পুরোপুরি করমুক্ত সুবিধা চায় সিএসই। আর তিন বছর পর ওইসব কোম্পানির কর হার হবে ১৫ শতাংশ। এ ধরনের কর সুবিধা দেওয়া হলে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসবে।

তালিকাভুক্ত কোম্পানির কর সুবিধা ছাড়া ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় উন্নীত করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন স্টক এক্সচেঞ্জটির চেয়ারম্যান। এছাড়া ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত