আগামীকাল মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার বাদল রহমানের দশম প্রয়াণ দিবস। ২০১০ সালের এই দিনে ৬২ বছর বয়সে প্রয়াত হন বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমান। বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নির্মাতা এবং চলচ্চিত্রের শিক্ষকও ছিলেন তিনি। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রতি বছরের মতো এ বছরও চলচ্চিত্রকার বাদল রহমানকে স্মরণ করে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র আয়োজন করতে যাচ্ছে। এবার অষ্টমবারের মতো এই স্মারক বক্তৃতা আয়োজিত হচ্ছে। বর্তমান সময়ের কভিড-১৯ মহামারীর কারণে এবারের স্মারক বক্তৃতা অনলাইনে সরাসরি অনুষ্ঠিত হবে। এ বছর বাদল রহমান স্মারক বক্তৃতায় বক্তা হিসেবে থাকবেন চলচ্চিত্রকার ও চলচ্চিত্র শিক্ষক সৈয়দ সালাহউদ্দিন জাকী। এবারের বক্তৃতার বিষয় ‘বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতির গড়ে ওঠা ও চলচ্চিত্রজন বাদল রহমানের লড়াই’।
১১ জুন রাত ৮টায় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০২০’ সরাসরি দেখা যাবে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি বাংলাদেশের ফেইসবুক পেজে।
