ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার সংগঠনের শহর কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকতের সহযোগী মনিরুজ্জামানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে শহরের ভাজনডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এদিকে সাজ্জাদ হোসেন বরকতকে দলীয় পদ থেকে অব্যাহিত ও বহিষ্কারের সুপারিশের পর শহর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি নারায়ণ চক্রবর্তী।
মঙ্গলবারের অভিযানে গ্রেপ্তার মনিরুজ্জামান বর্ধিত ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৭ সালে মনিরুজ্জামান চাকরি ছেড়ে সাজ্জাদ হোসেন বরকতের এস বি কনস্ট্রাকশন ফার্মে যোগ দেন।
শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী দেশ রূপান্তরকে জানান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকতের চাপের কারণে মনিরুজ্জামানকে ফরিদপুর বর্ধিত পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদ দিতে হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে শহরের ভাজনডাঙ্গার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মনিরুজ্জামানকে। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় গত ১৮ মে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়।
এদিকে বুধবার বিকেলে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর করে দলীয় শৃংখলা পরিপন্থী কাজ করায় এবং দলের ভাবমূর্তি ক্ষুণœ করায় ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক সদস্যসহ দল থেকে তাদের বহিষ্কারের সুপারিশ করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
গত ১৬ মে রাতে সুবল সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটলে ১৮ মে কোতোয়ালি থানায় মামলা করেন তিনি। এরপর ৭ জুন রাতে গ্রেপ্তার হন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হাসান, সাংবাদিক রেজাউল করিম, ফরিদপুর পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান, বর্ধিত ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চক্রবর্তী, ইয়াসমিন সুলতানা, এনামুল ইসলাম, অমিয় সরকার ও জাহিদ খান।
