জাফরুল্লাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

আপডেট : ১১ জুন ২০২০, ০৩:৪২ এএম

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর (৭৯) ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ কিছুটা কমেছে। গতকাল বুধবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজের বরাত দিয়ে ফরহাদ হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীরফুসফুসের নিউমোনিয়া সংক্রমণ কিছুটা কমেছে। তাকে অক্সিজেন দেওয়ার মাত্রাও গতকালের থেকে কমেছে। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তিনি আরও বলেন, জাফরুল্লাহ স্যারের শারীরিক অবস্থা আগের থেকে ভালো। তিনি নিজেই খাবার গ্রহণ করছেন।

গত মঙ্গলবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে গুরুতর নিউমোনিয়াজনিত সংক্রমণের ফলে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি অনালাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়।

ডা. জাফরুল্লাহ বর্তমানে তার নিজের তৈরি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৫ মে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই ফলাফল আসে। তার স্ত্রী ও ছেলেও বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত