স্যামিকে কালু ডাকতেন ইশান্ত শর্মা

আপডেট : ১১ জুন ২০২০, ০৫:১৩ এএম

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে ড্যারেন স্যামিকে বর্ণবাদী নামে ডাকার একটা প্রমাণ মিলেছে। ইন্সটাগ্রামে ইশান্ত শর্মার পুরনো এক পোস্ট নিশ্চিত করেছে, ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ‘কালু’ নামে ডাকা হতো।

ইশান্ত শর্মা ২০১১ সাল থেকে প্রথমে ডেকান চার্জার্স, পরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেছেন ২০১৫ সাল পর্যন্ত। এরই একসময়, ২০১৪ সালের ১৪ মে ভুবনেশ্বর কুমার, স্যামি ও ডেল স্টেইনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন ইশান্ত, সেখানে স্যামিকে সম্বোধন করেছিলেন ‘কালু’ বলে। ২০১৩-১৪-তে সানরাইজার্সে ইশান্ত শর্মার সতীর্থ স্যামির অভিযোগের পর ওই টুইট সামনে এসেছে। স্যামি শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি, আইপিএলে তাকে যারা বর্ণবাদী নামে ডেকেছেন, ইন্সটাগ্রাম বার্তায় সবাইকে ক্ষমা চাইতে বলেছেন তিনি।

‘যারা আমাকে ওই নামে ডাকতে, তোমরা তো নিজেদের জানোই... কারণ, হাসান মিনহাজ (ভারতীয়-মার্কিন অভিনেতা) যা বলেছে, কোনোভাবে অর্থ যদি তা-ই হয়, আমি খুব হতাশ হব। আমি তাদের বার্তা পাঠাব। তোমরা জানো তোমরা কারা। আমি স্বীকার করছি, যখন ওই নামে আমাকে ডাকা হতো, আমি জানতাম না এর অর্থ কী?’

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী যে বিক্ষোভ চলছে, তাতে প্রবলভাবে শামিল স্যামিও। শুরু থেকেই তিনি প্রতিবাদ জানিয়ে আসছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ধারাবাহিকতায় কয়েক দিন আগে তিনি অভিযোগ করেন, আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় তাকেও শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে ডাকা হতো ‘কালু’ নামে।

অভিযোগ তোলার সময় স্যামি বলেছিলেন, তখন শব্দটির অর্থ না জানলেও তিনি এখন জানতে পেরেছেন। ইন্সটাগ্রামে সেই একই দাবি করলেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। দল অন্তঃপ্রাণ একজন হিসেবে আমি ভেবেছিলাম, সতীর্থরা যখন এত খুশি, নিশ্চয়ই এটি মজার কিছু হবে। কিন্তু এটা মোটেও মজার কিছু ছিল না, বিষয়টা বুঝতে পারার পর আমি ভীষণ হতাশ ও ক্ষুব্ধ। এটা ছিল অপমানজনক।’

আইপিএলসহ অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়েছেন স্যামি। ড্রেসিংরুম মাতিয়ে রাখা ও দলকে উজ্জীবিত করতে পারার মতো একজন হিসেবে পরিচিতি আছে তার। তাকে অমন একটা নামে কেউ ডাকতে পারে, এটা বিশ্বাস করতে পারেননি তিনি।

স্যামি অবশ্য আগে থেকেই বর্ণবৈষম্য নিয়ে সরব। কিছুদিন আগেই টুইট করে আইসিসির কাছে তিনি জানতে চান, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আইসিসি কেন ভূমিকা নিচ্ছে না? টুইটে বলেছিলেন, ‘আইসিসি ও অন্যান্য ক্রিকেট সংস্থা কি দেখতে পাচ্ছো না, আমাদের মতো মানুষদের সঙ্গে কী হচ্ছে? এটা শুধু আমেরিকার সমস্যা নয়। এটা প্রতিদিন সব জায়গায় হচ্ছে। #ব্ল্যাকলাইভসম্যাটার। এখন আর চুপ করে বসে থাকার সময় নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত