মার্কিন পুলিশের জন্য ফেসিয়াল রিকগনিশন নিষিদ্ধ করল আমাজন

আপডেট : ১১ জুন ২০২০, ০১:১৫ পিএম

ছবি থেকে ব্যক্তির যাবতীয় তথ্য জানার প্রযুক্তি ফেসিয়াল রিকগনিশন ব্যবহার পুলিশের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আমাজন।

বিবিসি জানায়, প্রযুক্তি জায়ান্ট আমাজন তাদের ফেসিয়াল রিকগনিশন সফটওয়ার ব্যবহার পুলিশের বাহিনীতে এক বছরের জন্য নিষিদ্ধ করে দিয়েছে।

নজরদারি প্রযুক্তি দ্বারা জাতিগত প্রোফাইলিং নিয়ে উদ্বেগ জানায় মানবাধিকার সংগঠকেরা। এরপরই এমন সিদ্ধান্ত নেয় মার্কিন প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের নির্মম হত্যাকাণ্ডের পর নজরদারি প্রযুক্তিতে ফেসিয়াল রিকগনিশন ব্যবহারের বিষয়টি আলোচনায় উঠে আসে।

আমাজন জানায়, কংগ্রেস যাতে এই বিষয়ে একটি কার্যকরী আইনের দিকে এগোতে পারে এই জন্য এক বছর পুলিশ বাহিনীতে তাদের সফটওয়ারটি বন্ধ থাকবে।

এর আগে ফেসিয়াল রিকগনিশন নিয়ে গবেষণা না করার ঘোষণা দিয়েছিল মার্কিন প্রযুক্তি-প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম।   

আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ কংগ্রেসের কাছে পাঠানো চিঠিতে জানিয়েছেন, সরকারি কোনো উদ্দেশ্যে সাধনের জন্যও তারা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিয়ে কাজ করবেন না।

‘আইবিএম দৃঢ়ভাবে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির বিরোধিতা করছে, একই সঙ্গে নজরদারি, জাতিগত প্রোফাইলিং এবং এই প্রযুক্তিতে মানবাধিকার লঙ্ঘন হয় এমন যেকোনো ব্যবহার বন্ধ করবে,’ কৃষ্ণ চিঠিতে লিখেছেন, ‘এই প্রযুক্তি স্থানীয় প্রশাসন থেকে কীভাবে ব্যবহার করা হবে সে বিষয়ে এখনই জাতীয়ভাবে আলোচনা করা উচিত বলে আমরা বিশ্বাস করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত