ফ্রান্সে প্রশিক্ষণরত বাংলাদেশি সাঁতারু আরিফুল ইসলাম হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গত শুক্রবার। করোনাভাইরাসের উপসর্গ থাকায় বৃহস্পতিবার পরীক্ষার জন্য নতুন দিয়েছেন। এখন ফলাফলের অপেক্ষায় তিনি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে ২০১৮ সাল থেকে ফান্সের রুয়েন শহরের দ্য ভাইকিং রুয়েন ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছেন আরিফ। এদিন স্থানীয় সময় দুপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। দেশ রূপান্তরকে আরিফ জানিয়েছেন, সোমবার করোনা পরীক্ষার ফল পাবেন। তিন দিন সাপ্তাহিক ছুটি থাকায় এই বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।
তবে এখন বেশ ভালো আছেন বলেই জানালেন আরিফ, ‘এখন তো খারাপ অবস্থা কাটিয়ে উঠেছি। তাই ভয় পাচ্ছি না। যদি নেগেটিভও আসে আমি ঘাবড়াবো না।’
গত শুক্রবার প্রশিক্ষণ ক্লাবে সুইমিং করে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফ। কাঁপুনি দিয়ে জ্বর আসে। সঙ্গে শরীর ব্যাথা ও বমি।
সেই ভয়াবহ অবস্থার কথা বর্ণনা করতে দিয়ে বুধবার আরিফ বলেছিলেন, ‘প্রথম তিন দিন অবস্থা খুবই খারাপ ছিল। জ্বর, শরীর ব্যাথা, বমি তিনটাই ছিল। প্রথম দুই দিন কারো সাথে কথাও বলতে পারিনি…।’
প্রথম ক’দিনের সেই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠেছেন। কিন্তু করোনার উপসর্গ থাকায় ডাক্তার ভাইরাস পরীক্ষার করানোর পরামর্শ দেন। সে অনুযায়ীই বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন আরিফ।
এদিকে আরিফের শরীরে ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাদের ক্যাম্পের অন্যান্য প্রশিক্ষণার্থীরাও কোয়ারেন্টাইন পর্ব শুরু করেছেন।
আরো পড়ুন:
ফ্রান্সে হঠাৎ অসুস্থ সাঁতারু আরিফ, বৃহস্পতিবার করোনা পরীক্ষা
