করোনা সুরক্ষা সামগ্রী ও ওষুধে ভ্যাট অব্যাহতি

আপডেট : ১২ জুন ২০২০, ০৩:৩৩ এএম

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা কিট আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাজেট বক্তব্যে আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে বলা হয়, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কভিড-১৯ নিরোধক ওষুধের ক্ষেত্রেও আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় এসব সামগ্রীর দাম কমবে।

অন্যদিকে মেডিটেশন সেবায় সরকার আগেই মূসক অব্যাহতি দিয়েছে। এ দুর্যোগ মোকাবিলায় জনগণের মানসিক স্বাস্থ্য মনোবল অটুট রাখার স্বার্থে এবারের বাজেটে মেডিটেশন সেবার ভ্যাট অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বর্তমনে করোনা সংক্রমণ বাড়ায় পিপিই ও ওষুধের চাহিদা বেড়েছে। এ কারণে এসব উপকরণের পর্যাপ্ত সরবরাহ নেই। সরবরাহ ঘাটতি থাকায় বেশিরভাগ উপকরণ আগের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বাড়াতে ও যৌক্তিক দামে এসব পণ্য বিক্রির উদ্দেশ্যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত