এবারের বাজেটকে করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনার রূপদানের বাস্তবসম্মত প্রত্যাশার দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
গতকাল বৃহস্পতিবার সংসদে বাজেট পেশের পর সংসদ ভবন এলাকায় অবস্থিত সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক মহামারীর মধ্যে উপস্থাপিত এ বাজেট ভিন্ন বাস্তবতা ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট করোনায় বিদ্যমান সংকটকে সম্ভাবনার রূপদানের বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।
মন্ত্রী বলেন, জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখার শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালি ফসল এ বাজেট।
ওবায়দুল কাদের বলেন, উপস্থাপিত বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা, এটি একটি জনবান্ধব ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল।
ওবায়দুল কাদের এ সময় বিএনপির বাজেট প্রতিক্রিয়াকে আগেভাগে তৈরি করা, মনগড়া ও গতানুগতিক পুরনো গল্প বলে মন্তব্য করেন।
