ফুটবল ঈশ্বর। শব্দ দুটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে একজনেরই মুখ ডিয়েগো ম্যারাডোনা। আর লিওনেল মেসি ‘অন্য গ্রহের’ ফুটবলার। কিন্তু স্যামুয়েল ইতোর কাছে বার্সেলোনার সাবেক সতীর্থ মেসিই ‘ফুটবল ঈশ্বর’! আর এই ‘ফুটবল ঈশ্বর’ বার্সেলোনায় থাকতে থাকতেই ক্লাবটিতে কোচ হয়ে ফেরার পরামর্শ দিয়েছেন আরেক সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজকে।
১৯৯৮ থেকে ২০১৫Ñ বার্সেলোনায় প্রায় দুই দশকের ক্যারিয়ারে লা লিগায় পাঁচশর বেশি ম্যাচ খেলেছেন জাভি। আটটি লিগ ও চারটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন ছোট-বড় অসংখ্য শিরোপা। ৪০ বছর বয়সী জাভি এখন কাতারের ক্লাব আল সাদের কোচ। খেলোয়াড়ি জীবনের শেষ মৌসুমটাও এই দলেই কাটিয়েছেন জাভি। তবে আল সাদের কোচ হওয়ার পর থেকেই একটা কথা বাতাসে ভাসছেÑ জাভি একদিন কোচ হয়ে ফিরবেন বার্সায়!
মাস কয়েক আগে সে প্রস্তাবও দিয়েছিল বার্সা জাভিকে। কিন্তু মৌসুমের মাঝপথে দায়িত্ব নিতে রাজি না হওয়ায় জাভি পরে বলেছেন, একদিন বার্সায় মেসি আর নেইমারের কোচ হতে চান।
জাভিকে ইতোর পরামর্শ, ‘আমি জাভিকে বলেছি, যাই ঘটুক না কেন তাকে বার্সায় ফিরতে হবে। একই সঙ্গে এটাও বলেছি যে সেখানে ফুটবল ঈশ্বর থাকতে থাকতেই ফিরতে হবে তাকে।’ কেন মেসি থাকতে থাকতেই কোচ হতে বলছেন ইতো জাভিকে? ‘সে মেসির সঙ্গে খেলেছে। এটা জাভির কাজটাকে আরও সহজ করে দেবে।’
বার্সেলোনার ৯ নম্বর জার্সি গায়ে পাঁচ মৌসুম খেলে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৯৯ ম্যাচে ১৩০ গোল করেছেন ইতো। বার্সায় এখন তার জার্সিটা পরছেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের স্ট্রাইকার ২৭০ ম্যাচ খেলে করেছেন ১৯১ গোল। তাকে কীভাবে মূল্যায়ন করবেন ইতো? উত্তরে ক্যামেরুনিয়ান কিংবদন্তিবলেছেন, ‘আমি সুয়ারেজকে পছন্দ করি। বার্সেলোনায় সে অসাধারণ সব ইতিহাস তৈরি করছে। এমন একটি ক্লাবের হয়ে খেলতে পেরে আমরা দুজনেই ভাগ্যবান।’
