ফ্রান্সে দুশ্চিন্তায় সাঁতারু আরিফুল

আপডেট : ১২ জুন ২০২০, ০৬:৫২ এএম

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে বেশ কয়েক মাস ধরে ফ্রান্সে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন সাঁতারু আরিফুল ইসলাম। ফ্রান্সের করোনা পরিস্থিতির ভয়াবহ রূপটা রুয়া শহরে থেকেই দেখেছেন তিনি। এই শহর থেকেই মূলত করোনার বিস্তার ঘটেছিল গোটা ফ্রান্সে। সেই সময়টায় অনুশীলন বন্ধ হয়ে গেলে ডরমেটরিতেই নির্বাসনে কেটেছে তার। কিন্তু মে মাসের শেষে লকডাউন উঠে গেলে আরিফুলরাও শুরু করেন অনুশীলন। কিন্তু বেশি দিন সেটি চালিয়ে যেতে পারেননি। উল্টো এখন করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কায় বিনিদ্র রাত কাটছে আরিফুলের।

অনুশীলন করে ফিরে ৫ জুন রাতে কাঁপন দিয়ে জ্বর এসেছিল আরিফুলের। সঙ্গে শরীর ব্যথা ও বমি হয়েছে বারবার। এর স্থায়িত্ব ছিল তিন দিন। এর পর থেকে সুস্থ হতে শুরু করেন আরিফুল। কিন্তু তাদের ক্লাব ভাইকিং রুয়েনের চিকিৎসক করোনা উপসর্গ দেখে আরিফুলকে কভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দেন। গতকাল সেই পরীক্ষা করিয়েছেন আরিফুল। আজ-কালের মধ্যেই জেনে যাবেন ফল। গতকাল ফোনে বলছিলেন, ‘যদি পজিটিভও আসে ভয় পাচ্ছি না। কারণ খারাপ সময়টা পার করে এসেছি। শুধু খারাপ লাগছে আমার সতীর্থ সাঁতারুদের কথা ভেবে। আমরা এক সঙ্গে অনুশীলন করেছি। এখন আমার যদি করোনা হয়, সেটা অন্যদের মধ্যেও সংক্রমিত হতে পারে। সেটা হলে খুব খারাপ লাগবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত