করোনা-উত্তর পরিস্থিতিতে কৃষি খাতকে টিকিয়ে রাখতে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২৯ হাজার ৯৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এই বরাদ্দের প্রস্তাব করেন তিনি। চলতি বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল ২৭ হাজার ২৩ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ল ২ হাজার ৯৬০ কোটি টাকা।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘করোনা-উত্তর বিশ্বে দুর্ভিক্ষের যে পূর্বাভাস রয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসহ কৃষি খাতের সঙ্গে জড়িত কৃষক, কৃষিশ্রমিক ও সংশ্লিষ্টদের জীবন ও জীবিকা নিশ্চিত করাই বর্তমানে আমাদের কৃষি খাতের অন্যতম চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ফসল কর্তন কার্যক্রমে ব্যবহৃত যন্ত্রপাতি কেনায় কৃষককে ভর্তুকি দেওয়া অব্যাহত থাকবে। বর্তমানে কৃষি উপকরণ সহায়তা কার্ডধারী কৃষকের সংখ্যা ২ কোটি ৮ লাখ ১৩ হাজার ৪৭৭ জন।’
তিনি আরও বলেন, ‘বাজেটে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ৯ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণে আমরা ২০০ কোটি টাকা প্রণোদনা দিয়েছি। বাজেটে কৃষি খামার যান্ত্রিকীকরণে ৩ হাজার ১৯৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
