করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরস্রষ্টা-সংগীত পরিচালক সুজেয় শ্যাম। টানা ১১ দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরলেন তিনি। হাসপাতালে ভর্তির পর দুইবার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ হওয়ার পর বাসায় ফেরার অনুমতি পান তিনি।
এখন সম্পূর্ণ সুস্থ সুজেয় শ্যাম। আপাতত কোনো ধরনের সমস্যা নেই। চিকিৎসকের নির্দেশনা মেনেই চলছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে লিজা শ্যাম। গণমাধ্যমকে তিনি বলেন, গত ৩০ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাবার স্বাস্থ্য পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে, ২৬ মে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ মে তাকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করার পর বাসায় নিয়ে আসি। এরপর ফলাফল পজিটিভ হলে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করি। সেখানের চিকিৎসায় বাবা এখন সুস্থ, কোনো সমস্যা নেই। তাই তাকে বাসায় নিয়ে এসেছি।
দেশীয় সিনেমার গানে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে এ পর্যন্ত ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন গুণী সংগীত ব্যক্তিত্ব সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে রয়েছে- ‘বিজয় নিশান উড়ছে ওই’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয় রে তোরা শোন’, ‘আয়রে চাষী মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ প্রভৃতি উল্লেখযোগ্য।
