অক্সিজেন সিলিন্ডারের দাম বৃদ্ধিতে উদ্বেগ চট্টগ্রাম বিএনপির

আপডেট : ১৩ জুন ২০২০, ০৪:২৯ এএম

চট্টগ্রামে করোনা আক্রান্ত মানুষের জীবন রক্ষাকারী ওষুধ, অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান এক বিবৃতিতে এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ঠাঁই নেই। অলিগলিতে করোনা রোগী। ওষুধ ও অক্সিজেনের জন্য সর্বত্র আর্তনাদ চলছে। আর মানুষের আর্তনাদকে পুঁজি করে অসাধু সিন্ডিকেটগুলো আঙুল ফুলে কলাগাছ হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। তারা ওষুধ ও অক্সিজেনের দাম ১০ গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তারপরও সাধারণ মানুষ ওষুধ ও অক্সিজেন পাচ্ছে না। এতে করোনা আক্রান্ত মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। কিন্তু সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

নেতারা বলেন, বন্দরনগরী চট্টগ্রাম এখন করোনার হটস্পট হিসেবে চিহ্নিত। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। করোনা শনাক্তের চেয়ে উপসর্গ নিয়ে মারা যাচ্ছে বেশি মানুষ। করোনা পরীক্ষার সার্টিফিকেট না থাকার কারণে করোনা হাসপাতালে তাদের ভর্তি নিচ্ছে না। আবার করোনা উপসর্গ থাকার কারণে অন্য হাসপাতালগুলোতেও তারা ভর্তি হতে পারছে না। এতে বেশিরভাগ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এ অবস্থায় চট্টগ্রামে করোনা হাসপাতালের পাশাপাশি করোনা উপসর্গযুক্ত হাসপাতাল খুবই জরুরি হয়ে পড়েছে। তাই অন্তত দুটি বেসরকারি হাসপাতালকে করোনা উপসর্গযুক্ত হাসপাতাল ঘোষণা দিলে চট্টগ্রামের মানুষ সময়মতো চিকিৎসাসেবা পাবে।

নেতারা বিবৃতিতে বলেন, চট্টগ্রামে প্রতিদিন করোনায় মৃত্যুর চেয়ে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা চারগুণের বেশি। নমুনা পরীক্ষা সহজ না হওয়ায় মৃতের এবং আক্রান্তের প্রকৃত সংখ্যা পাওয়া যাচ্ছে না। নমুনা পরীক্ষার ধীরগতির কারণে রিপোর্ট পেতে ৮-১০ দিন অপেক্ষা করতে হয়। এতে নমুনা নষ্ট হয়ে যাওয়ায় অনেক সময় সঠিক ফলাফল পাওয়া যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত