বরিশালের গৌরনদীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রী ও তার বোনকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, এ ঘটনায় গত বৃহস্পতিবার মো. আরিফ (২৪) নামে ওই ছাত্রলীগ নেতাকে গেপ্তার করা হয়। এর আগে গত বুধবার উপজেলার দক্ষিণ বিজয়পুরে যৌন হয়রানির এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছেন। অভিযুক্ত আরিফ সরকারি গৌরনদী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ও কলেজ ছাত্রসংসদের সাবেক ক্রীড়া সম্পাদক।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী কলেজছাত্রী নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। প্রতিদিন কলেজে আসা-যাওয়ার পথে বখাটেদের নিয়ে তাকে উত্ত্যক্ত করত আরিফ। সবশেষ গত বুধবার বিকেলে দক্ষিণ বিজয়পুর এলাকায় ওই ছাত্রী ও তার বড় বোনের ওপর হামলা চালিয়ে তাদের যৌন হয়রানি করে আরিফ।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় আরিফসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়। গত বৃহস্পতিবার ওই মামলায় আরিফকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।
