বাবা আবদুল কুদ্দুসকে নিয়ে এখনো দুর্ভাবনার ভার বাংলাদেশের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। অবশ্য এখন একটু স্বস্তিও পাচ্ছেন। এখন তার বাবা কেমন আছেন এমন প্রশ্নে গতকাল সন্ধ্যায় বিপ্লবের জবাব, ‘আগের থেকে একটু ভালো।’
মিরপুর হার্ট ফাউন্ডেশনে বুধবার সন্ধ্যায় ভর্তি করা হয় ২০ বছর বয়সী অলরাউন্ডার বিপ্লবের বাবাকে। শ্বাসকষ্টে ভুগছিলেন ৬০ বছরের মানুষটি। কিন্তু দুই দিনে অন্তত ৫ হাসপাতাল ঘুরে কোথাও ভর্তি করতে না পারার পর দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সহায়তা পান বিপ্লব। তারপর ভর্তি করতে পারেন মিরপুর হার্ট ফাউন্ডেশনে।
এখনো অবশ্য দুশ্চিন্তা কাটছে না বিপ্লবের। বাবা আসলে মহামারী হয়ে দুনিয়া কাঁপাতে থাকা করোনাভাইরাসে আক্রান্ত নাকি তা জানতে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। দেশ রূপান্তরকে গতকাল সন্ধ্যায় বিপ্লব জানালেন, ‘আপাতত হার্ট ফাউন্ডেশনে করোনার টেস্ট করিয়েছে। ওটার রিপোর্ট এখনো দেয়নি।’
বাবাকে হাসপাতালে ভর্তি করার পর এবং এ নিয়ে খবর হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীসহ আরও অনেকের ফোন পাচ্ছেন বিপ্লব। দেশের হয়ে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটারকে সবভাবে সহায়তা দিতে এখন তৎপর বিসিবি।
