করোনাভাইরাসের কারণে আড়াই মাসেরও বেশি সময় ধরে মাঠে ফুটবল নেই। খেলোয়াড়রা সবাই বলতে গেলে ঘরবন্দী। কবে ফুটবল মাঠে ফিরবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। এ অবস্থায় জাতীয় দলের ফুটবলারসহ দেশের তরুণ ফুটবলারদের উদ্দেশ্যে উপদেশমূলক বার্তা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
অবশ্য তার এই বার্তা ফেডারেশন সভাপতি হিসেবে নয়, সাবেক ফুটবলার ও সাবেক কোচ হিসেবে খেলোয়াড়দের জন্য পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্যাডে চিঠি আকারে সব ফুটবলারের উদ্দ্যেশে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা। করোনার এই সময়ে ফুটবলাররা নিজেদের কীভাবে ধরে রাখতে পারেন, সেই উপায়ই জানিয়েছেন বাফুফে বস।
সালাউদ্দিন চিঠিতে লিখেছেন, ‘আজকে আমি কাজী মো. সালাউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নয়, আমি একজন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, আবাহনী ও মোহামেডানের খেলোয়াড়, আবাহনীর অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক হিসেবে কথাগুলো বলছি…।’
‘আমার একটা ছোট উপদেশ থাকবে বাংলাদেশের ইয়ং এবং জাতীয় দলের খেলোয়াড়দের কাছে। করোনা ভাইরাসের কারণে আজ ২-৩ মাস যাবৎ ফুটবল খেলা বন্ধ আছে। আমার উপদেশ থাকবে তাদের কাছে, ভোর বেলা যখন জনগণের চলাচল কম থাকে, বিশেষ করে ভোর ৬.০০ টার দিকে; প্রতিদিন ১০ হতে ১২ মাইল জগিং করে তারপর ফিজিক্যাল এক্সারসাইজ, জিম ও ছোট জায়গায় নিজেই ফুটবল অনুশীলন যেন করে।’
দীর্ঘদিন ফুটবল থেকে দূরে থাকায় খেলোয়াড়দের মান কমে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু কঠিন এই পরিস্থিতিতেও কীভাবে নিজেদের তৈরি রাখা যায় সে মন্ত্রও বাতলে দিয়েছেন সালাউদ্দিন। তিনি দেশের যুদ্ধকালীন সময়ে নিজের অভিজ্ঞতা বলেছেন ফুটবলারদের।
চিঠিতে সালাউদ্দিন লিখেছেন, ‘৩ মাস ৪ মাস হয়ে গেছে তোমরা ফুটবল খেলছ না, এতে তোমাদের কোয়ালিটি অনেক নেমে যাবে। আমি আমার নিজের জীবন থেকে বলছি, যখন বড় হচ্ছিলাম ৬৯-৭০ সালের দিকে, তখন দেশে অনেক হরতাল-কারফিউ হতো। তখন আমি আমার বাড়ির পেছনে লনে প্রায় ৩-৪ ঘণ্টা অনুশীলন করতাম। পরবর্তীতে যখন ফুটবল খেলা শুরু হলো তখন আমার মনে হয়নি আমি খেলার বাহিরে ছিলাম।’
তিনি আরো লিখেছেন, ‘এই উপদেশটা আমি ইয়ং এবং সিনিয়র খেলোয়াড়দের দিচ্ছি। লিগ তো শুরু হবে আজ না হয় কাল, না হয় দুদিন পরে। ফুটবল ক্যারিয়ার কিন্তু অনেক ছোট। আপনি যেন আপনার ক্যারিয়ার ধরে রাখতে পারেন, ফুটবল খেলে সবাইকে পরিচিতি দিতে পারেন।’
