বিনা মাশুলে ঢাকায় আম আনছে ডাক বিভাগ

আপডেট : ১৪ জুন ২০২০, ০৫:২৭ এএম

চাঁপাইনবাবগঞ্জ থেকে বিনা মাশুলে ঢাকায় আম পরিবহন করবে ডাক অধিদপ্তর। গতকাল শনিবার কর্মসূচির উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী এ সময় বলেন, প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য পরিপূর্ণ আঙ্গিকে ডাক বিভাগকে প্রস্তুত করা হচ্ছে। প্রান্তিক

কৃষককে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যপ্রাপ্তি নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী গতকাল ঢাকায় তার দপ্তর থেকে জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশব্যাপী ডাক পরিবহনে নিয়োজিত ঢাকাফেরত গাড়িগুলো বিনা মাশুলে প্রান্তিক কৃষকের পণ্য পরিবহনে সরকারের বাড়তি কোনো খরচেরও প্রয়োজন হবে না। কৃষক সমাজের কাছে জাতির ঋণ পরিশোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় বিকাশের ফলে প্রাচীন প্রতিষ্ঠান ডাক বিভাগ বিলীন হয়ে গেছে এটাই ধারণা ছিল। প্রধানমন্ত্রী ডাকঘর প্রতিষ্ঠানটি খুবই মমতার সঙ্গে দেখছেন উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, করোনার শুরু থেকেই কৃষির প্রতি প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করে আসছেন। কৃষকের পণ্য পরিবহনের যাত্রা আমরা শুরু করেছি। এটা সাময়িক। আমরা এটা একটি স্থায়ী ব্যবস্থায় রূপ দিতে যাচ্ছি। লকডাউনের সময় জাতীয় দায়িত্বের অংশ হিসেবে ডাক অধিদপ্তর খুলে দিয়ে সঞ্চয় ও পেনশনভোগী মানুষদের লেনদেন চালু রাখার সুযোগ করে দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষ এতে উপকৃত হয়েছে। হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। সরকার ডাক অধিদপ্তরকে জরুরি সেবার আওতাভুক্ত করে সেবার জন্য মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে জুম ভিডিওতে সংযুক্ত থেকে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র, রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল মো. শফিকুল আলম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত