শিবচরের ইউএনও করোনায় আক্রান্ত

আপডেট : ১৪ জুন ২০২০, ০৫:৪৫ এএম

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন করে শিবচরে ১৭ জনসহ জেলায় ৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৮ জুন শিবচরের ইউএনওসহ ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে গতকালের প্রতিবেদনে জানা গেছে, এই উপজেলার ১৭ জন করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে আছেন শিবচরের ইউএনও মো. আসাদুজ্জামান, পাচ্চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ির ড্রাইভার, শিবচর হাইওয়ে পুলিশের ৭ সদস্যসহ অনেকে।

এছাড়া রাজৈর উপজেলায় ২৩, কালকিনি উপজেলায় ১৬, সদর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৫০ জন। 

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, করোনায় সংক্রমণের ফলে শিবচরকে দেশে প্রথম লকডাউন করা হয়। ইউএনও মো. আসাদুজ্জামান সামনের সারিতে থেকে করোনা রোধে কাজ করেছেন। আজ নিজেই আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত