ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে আমি নগরবাসীকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই। এই কার্যক্রমে ত্রুটি-বিচ্যুতি পেলে আমাকে জানাবেন। এসবের বিরুদ্ধে আমার কঠিন অবস্থান বজায় থাকবে।’ গতকাল রবিবার খিলগাঁওয়ের বটতলা ঝিল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করে মেয়র তাপস এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘মশার যন্ত্রণা, জলাবদ্ধতা, বর্জ্য সংগ্রহে অপ্রতুলতাসহ অনেক গুরুত্বপূর্ণ ইস্যুর পরিপূর্ণ সমাধান হয়নি মূলত ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে। এজন্য আমি সংশ্লিষ্ট বিভাগগুলোকে নতুন করে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’
এ সময় মেয়র তাপস জানান, রবিবার থেকে ১০টি অঞ্চলের ১০টি জলাশয় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। এতে মশার প্রজনন ও বিস্তার রোধ হবে। ইতিমধ্যে কাউন্সিলদের সরাসরি তত্ত্বাবধানে প্রত্যেক ওয়ার্ডে সকাল থেকে দুপুর পর্যন্ত ৮ জন মশক শ্রমিক লার্ভিসাইড এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ শ্রমিক ফগিং কার্যক্রম চালাচ্ছেন। আগামী রবিবার থেকে সিটি এলাকার নর্দমা পরিষ্কার করে সেখানে তেলাপিয়া মাছ এবং জলাশয়গুলোতে হাঁস অবমুক্ত করা হবে। জলাশয়ে পানিপ্রবাহ নিশ্চিত হলে মশার লার্ভা ধ্বংস হবে বলেও জানান তিনি।
