বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে পরিবেশিত ওয়েব সিরিজগুলোতে থাকা দেশীয় সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধবিরোধী আপত্তিকর কনটেন্ট ও অশ্লীল দৃশ্য সরাতে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ ই-মেইলে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির সাইবার পুলিশ ব্যুরোর অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) বরাবর এ নোটিস পাঠান। আইনজীবী জানান, অশ্লীলতার এসব দৃশ্য সরিয়ে সমাজের উঠতি বয়সীদের রক্ষার্থে জনস্বার্থে এ নোটিস দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে। নোটিসে বলা হয়, উপযুক্ত পর্যবেক্ষণ কিংবা সরকারের সঠিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ না থাকায় ইউটিউবে বা অনলাইন প্ল্যাটফর্মে দেশীয় সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য বেড়েই চলেছে। এগুলো দেশীয় সংস্কৃতির বিরোধী, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুসারে ফৌজদারি অপরাধ এবং ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপন্থী। আইনজীবী বলেন, সম্প্রতি বাংলাদেশে ইউটিউবে ওয়েব সিরিজ ‘বুমেরাং’ ও ‘আগস্ট ১৪’ প্রচার হয়েছে। সেখানে আপত্তিকর দৃশ্য দেখা গেছে। এমনকি এসব ওয়েব সিরিজে সিগারেট কিংবা অ্যালকোহলের দৃশ্য পরিবেশনের সময় কোনো প্রকার সতর্কতামূলক বাণীও প্রচার করা হয়নি। তাই এসব ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন, যা আমাদের দেশের সাংস্কৃতিক ও সামাজিক নিয়ম-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।
×
