চট্টগ্রামের হাটহাজারীতে একটি ফিল্ড হাসপাতাল বানানোর উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্র্তৃপক্ষ। এজন্য চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, হাটহাজারীর ইউএনওসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রাথমিক আলাপ করেছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, করোনা পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে হাটহাজারীর কোনো খোলা স্থানে একটি ফিল্ড হাসপাতাল নির্মাণ অন্যতম। অনুমতি পেলে শিগগরিই হাসপাতালের নির্মাণকাজ শুরু হবে।
সংশ্লিষ্টরা জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ হাসপাতাল নির্মাণ ছাড়াও বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে রয়েছে, সার্বক্ষণিক একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অক্সিজেনসহ সুরক্ষাসামগ্রী বৃদ্ধি, ক্যাম্পাসে একটি আইসোলেশন সেন্টার নির্মাণ, নমুনা সংগ্রহে চট্টগ্রাম শহরে একটি বুথ স্থাপন এবং চবি পরিবারের করোনা শনাক্তদের অধিভুক্ত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং চান্দগাঁও শমসেরপাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসার ব্যবস্থা। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অধ্যক্ষ সেখানে চবি পরিবারের সদস্যদের সর্বোচ্চ সেবার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে।
