মাঝে ৯৭ দিনের বিরতি। লম্বা এ বিরতির পরও ধার কমেনি বার্সেলোনার। করোনাভাইরাসে কারণে স্থগিত লিগ ফের শুরু করেছে তারা চ্যাম্পিয়নের মতোই। অধিনায়ক লিওনেল মেসির জাদুতে মায়োর্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দলটি। ৪-০ গোলের জয়ে মেসি গোল পেয়েছেন একটি। তবে আরও দুটি গোলে সহায়তা করেছেন এ ক্ষুদে জাদুকর।
মায়োর্কার মাঠে শনিবার রাতে এগিয়ে যেতে এদিন মাত্র ৬৫ সেকেন্ড সময় নেয় বার্সেলোনা। জর্দি আলবার ক্রস থেকে দারুণ এক হেডে জাল খুঁজে নেন আর্তুরো ভিদাল। সপ্তম মিনিটেই ব্যবধান বাড়াতে পারত বার্সা। ভালো সুযোগ পেয়েছিলেন মার্টিন ব্র্যাথওয়েট। তবে অল্পের জন্য তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর মেসির পাস থেকে একেবারে ফাঁকায় বল পেয়েছিলেন অ্যান্তোইন গ্রিজমান। তবে বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে সে সুযোগ নষ্ট হয়। পরের মিনিটে গ্রিজমানের পাস থেকে মেসির নেওয়া শটও লক্ষ্যে থাকেনি।
২১তম মিনিটে সমতায় ফিরতে পারত মায়োর্কা। রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা তাকি কুবো একক প্রচেষ্টায় দারুণ এক শট নিয়েছিলেন। তবে ঝাঁপিয়ে পড়ে সে শট ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রেস টের স্টেগেন। ৩২তম মিনিটেও সুযোগ ছিল সমতা ফেরানোর। বিপজ্জনক জায়গায় ফ্রিকিক পেয়েছিল মায়োর্কা। ভালো শটও নিয়েছিলেন কুবো। তবে আবারও তাকে হতাশ করেন গোলরক্ষক টের স্টেগেন।
পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ায় বার্সেলোনা। কাতালান জার্সি গায়ে নিজের প্রথম গোল করেন ব্র্যাথওয়েট। ডি-বক্সের মধ্যে জটলা থেকে হেড করে তাকে বল দিয়েছিলেন মেসি। জোরালো এক শটে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি জানুয়ারিতে লেগানেস থেকে আসা এই ডেনিশ ফরোয়ার্ড।
৫৯তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন ব্র্যাথওয়েট। গোলরক্ষককে এক পেয়েও জোরালো শট নিতে না পারায় নষ্ট হয় সে সুযোগ। ৬৬তম মিনিটে জটলার মধ্যে রাকিতিচের কাছ থেকে পাওয়া বলে মেসির ভলি বারপোস্টের অনেক ওপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।
৭৯ মিনিটে তার অ্যাসিস্টে তৃতীয় গোল পায় বার্সেলোনা। আর্জেন্টাইনের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে দারুণ এক কোনাকোনি শটে বল জালে জড়ান আলবা।
ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে মেসি নিজে গোল করেন। বদলি খেলোয়াড় লুইস সুয়ারেজের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো এক শটে বল জালের ঠিকানায় পাঠান কাতালান অধিনায়ক। লিগে এটা তার ২০তম গোল। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগার টানা ১২ আসরে অন্তত ২০ গোল করলেন মেসি। নিজেদের মাঠে মায়োর্কার বিপক্ষে ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক ছিল মেসির।
সার্বিক বিবেচনায় খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা ম্যাচ শেষে জানান বার্সা কোচ কিকি সেতিয়েন, ‘অনুভূতিটা দারুণ। সবসময় উন্নতি করার মতো কিছু বিষয় থাকে; তবে আমরা যেমন খেলেছি, তাতে আমি সন্তুষ্ট। অনেক দিন পর ম্যাচ খেলায় কিছু ছন্দপতন চোখে পড়তে পারে অনেকের। তবে আমি মনে করি, এটা ভালো শুরু।’
লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করা বার্সেলোনার অর্জন ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট। গতরাতে এইবারের বিপক্ষে ৫৬ পয়েন্ট নিয়ে ২৮তম ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ।
