সবার চোখ ফাঁকি দিয়ে দর্শকহীন মাঠে প্রবেশ করে লিওনেল মেসির সঙ্গে সেলফি তুলতে চাওয়া সেই অপ্রতিরোধ্য ভক্ত আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন। লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ক্রিমিনাল অ্যাক্টে’ তার বিরুদ্ধে মামলা করা হবে।
লকডাউন পরবর্তী সময়ে লা লিগায় মেসিদের প্রথম ম্যাচে এই ঘটনা ঘটে। মায়োর্কার বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে ঢুকে পড়েন ওই তরুণ। তার গায়ে ছিল আর্জেন্টিনা দলের জার্সি।
সোজা হাঁটতে হাঁটতে মেসির প্রায় কাছে চলে যান। কয়েক মিটার দূরে দাঁড়িয়ে তড়িঘড়ি করে সেলফি তোলেন। ততক্ষণে পুলিশ এসে পাকড়াও করে।
লা লিগা বিবৃতিতে বলেছে, এটি অপরাধী আইনের পর্যায়ে পড়ে।
‘এই ধরনের আচরণ অন্যের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে। একই সঙ্গে প্রতিযোগিতার ভাবমূর্তি নষ্ট করে।’
ওই দর্শকের দাবি, তিনি দুই মিটার দেয়াল টপকে স্টেডিয়ামে ঢুকে পড়েন।
‘ম্যাচটি হওয়ার কথা শুনেই এই পরিকল্পনা করি,’ নিজের নাম প্রকাশ না করে ক্যাডেনা কপ রেডিওকে তিনি বলেন, ‘মেসির সঙ্গে একটি ছবি তুলতে চেয়েছিলাম। কারণ উনি আমার আদর্শ।’
