দীর্ঘদিন ধরে বেশ অস্বস্তিকর সময় পার করছেন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা। ফোর্বস জানিয়েছে, একাধিক সমস্যার কারণে লাখ লাখ মানুষ এই অপারেটিং সিস্টেম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
উইন্ডোজ ‘১০ মে ২০২০ আপডেটে’ বেশি সমস্যা দেখা গেছে। অনেক গুরুত্বপূর্ণ ফিচার এই আপডেটে নষ্ট হয়েছে। তার মধ্যে একটি ‘ফ্রেশ স্টার্ট’।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ডেটা না হারিয়ে উইন্ডোজ ১০ রি-ইন্সটল করতে পারেন। পিসিতে মারাত্মক সমস্যা থাকলে এই টুল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকডোস জানিয়েছে, ব্যবহারকারীরা এই ত্রুটি নিয়ে মাইক্রোসফটকে সর্তক করেই যাচ্ছেন।
টেকডোস বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছে, ‘মাইক্রোসফটের অনেক কর্মী এই বাগের বিষয়ে কোম্পানিটিকে জানায়। একই সঙ্গে ফিডব্যাক হাবের মাধ্যমেও অনেক ব্যবহারকারী অভিযোগ করেন। কিন্তু তারা ত্রুটি ঠিক না করেই মে ২০২০ আপডেট প্রকাশ করে।’
এর পাশাপাশি যেসব ব্যবহারকারী ম্যানুয়ালি উইন্ডোজ ১০ মে ২০২০ আপডেট পুরোনো পিসিতে দিয়েছেন, তারা সমস্যায় পড়ছেন। অনেকের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ সতর্ক সংকেত এসেছে।
মাইক্রোসফট এই ভার্সনের অটোমেটিক আপডেট ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে।
মাইক্রোসফট বলছে, নিভিডিয়া ডিসপ্লে (ড্রাইভার ভার্সন ৩৫৮) অথবা এর পুরোনো পিসিতে ব্লু স্ক্রিন অব ডেথ এরর যেতে পারে।
ত্রুটিপূর্ণ এই আপডেটের অধিকাংশ এসেছে গত মাসের ২৭-২৮ তারিখে।
এই আপডেটের পর অনেকের অডিও ড্রাইভারে সমস্যা হয়েছে।
করণীয়: নিজে আপডেট না দিয়ে আপডেটের জন্য অপেক্ষায় থাকা। বাগগুলো ঠিক হলে মাইক্রোসফট নিজেই আপডেট পাঠাবে।
যদি আপডেট দিয়ে সমস্যায় পড়েন, তাহলে উইন্ডোজ ১০ রিসেট দিতে হবে। এতে আপনার অ্যাপ এবং ফাইলগুলো ডিলিট হবে; কিন্তু ল্যাপটপকে আগের অবস্থায় ফিরে পাবেন।
