কর্ণফুলীতে পানির লবণাক্ততা কমায় সিইউএফএলে সার উৎপাদন শুরু

আপডেট : ১৫ জুন ২০২০, ০৪:২২ পিএম

দীর্ঘ এক বছরের বেশি সময় পর উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কর্ণফুলী নদীর পানিতে লবণাক্ততা কমে পানি সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে যায় কারখানাটি।

সোমবার সকাল থেকে সার উৎপাদন শুরু হয় বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের মহাব্যবস্থাপক (উৎপাদন) মো.হারুন অর রশিদ।

কারখানা সূত্র জানায়,২০১৯ সালের ২০ মার্চ যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে সার উৎপাদন বন্ধ করে দেয় সিইউএফএল।

সম্প্রতি রিটিউবিং (যান্ত্রিক সংস্কার) শেষে গ্যাস সরবরাহ পেয়ে গত ৩ এপ্রিল উৎপাদন শুরু হয়। কিন্তু কর্ণফুলী নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় পরের দিনই উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানা চালু থাকলে প্রতি ঘণ্টায় ৮০০ মেট্রিক টন করে দৈনিক ১৯ হাজার ২০০ মেট্রিক টন মিঠা পানির প্রয়োজন হয়। কারখানার প্রতিষ্ঠালগ্ন থেকে কালুরঘাট ওয়াটার প্ল্যান থেকে পানি এনে কারখানা চালানো হয়। কিন্তু কর্ণফুলী নদীতে পানির লবণাক্ততা বেড়ে গেলে চাহিদামতো পানি নেওয়া সম্ভব হয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত