সুস্থ হয়েই ফের লাশ দাফনে করোনা বীর খোরশেদ

আপডেট : ১৬ জুন ২০২০, ০৫:৩৯ এএম

করোনামুক্ত হয়েই ফের লাশ দাফনে নেমে গেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। গত রবিবার তার করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে শনিবার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা করোনা হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে মানবিক কার্যক্রম এবং আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা আলোচিত এই কাউন্সিলর ৬৩ লাশ দাফনের পর গত ৩০ মে করোনায় আক্রান্ত হন। এর আগে ২২ মে তার স্ত্রী আফরোজা খন্দকারও করোনা আক্রান্ত হন। তবে দুজনই বর্তমানে করোনামুক্ত।

করোনা বীর খ্যাতি পাওয়া খোরশেদ আক্রান্ত হলেও তার টিম দাফন কার্যক্রম অব্যাহত রাখে। আর আইসোলেশনে থেকে সব কার্যক্রম তদারকি করেন খোরশেদ নিজেই।

গতকাল সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ দেশ রূপান্তরকে বলেন, ‘১৪ জুন আমাদের ৮২তম দাফন সম্পন্ন হয়েছে। ওই দিন বিকেলে হাজি ব্রাদার্স রোডের বাসিন্দা মো. আবদুল হাই (৬২) করোনার উপসর্গ, বিশেষ করে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় ইন্তেকাল করেন। পরে ভিক্টোরিয়া হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, তার আগেই মৃত্যু হয়েছে। পরে মৃতের পরিবার ও বাড়িওয়ালা আবুল হোসেনের আহ্বানে ‘টিম খোরশেদ’ রাত ১০টায় মরহুমের গোসল, কাফন, জানাজা ও দাফন সম্পন্ন করে। টিমে ছিলেন হিরাশিকো, হাফেজ শিব্বির, আনোয়ার, সুমন ও রাব্বি।’

খোরশেদ আরও বলেন, ‘করোনাকালে দলমত-নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব সর্বোপরি সাধারণ মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ; বিশেষ করে মিডিয়া যেভাবে আমাকে তুলে ধরেছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আল-আমিন সবাইকে হেফাজত করুন।’

শুধু লাশ দাফনই নয়, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ, সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডে কমমূল্যে নিত্যপণ্য ও ডিম সরবরাহ করেন এই কাউন্সিলর। পাশাপাশি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা এবং করোনা পজিটিভ থেকে সুস্থ হওয়াদের প্লাজমা সংগ্রহ করে করোনা রোগীর জীবন রক্ষায় কাজ করে যাচ্ছেন করোনা বীর খোরশেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত