ইউএনওসহ খুলনায় ৩৭ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:০০ এএম

খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন সুলতানাসহ নতুন করে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ গতকাল সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী নেওয়াজ বলেন, রবিবার খুমেকের পিসিআর ল্যাবে ২৮২ নমুনার মধ্যে ৩৭টি পজিটিভ আসে। এর মধ্যে খুলনা জেলার ২৯টি। এছাড়া যশোরের চারটি, বাগেরহাটের দুটি এবং সাতক্ষীরা ও নড়াইলের একটি করে নমুনা পজিটিভ হয়। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ইউএনও পারভীন সুলতানার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এ কারণে তাকে প্রাথমিকভাবে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে জেলা প্রশাসন নগরীর দক্ষিণ টুটপাড়ার ১৪৯ ও ১৯৪ নম্বর তালতলা হাসপাতাল রোড, ২৩ নম্বর সাউথ সেন্ট্রাল রোড, খালিশপুর আবাসিক এলাকার ১৫০ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়ি, ক্রিসেন্ট জুটমিল কর্মকর্তাদের আবাসিক ভবন ‘শিউলী’ এবং খালিশপুরের মুজগুন্নি মেইন রোডের ৫৩৫ নম্বর বাড়ি লকডাউন ঘোষণা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত